নতুন পদ্ধতিতে কয়লা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে নতুন পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর বাধার মুখে প্রতিদিন দুই হাজার মেট্রিক টন কম কয়লা উত্তোলন করা হচ্ছে।

খনি সূত্রে জানা গেছে, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম ২০০৫ সালে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে লং-ওয়াল পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু করে।

এতে কয়লা ক্ষেত্রের একদিক থেকে তিন মিটার পুরু কয়লার স্তর কেটে কেটে এগিয়ে যাওয়া হয়। এ পদ্ধতিতে গত সাত-আট বছর ধরে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হচ্ছে। সর্বশেষ ১২০৩ নম্বর ক্ষেত্র থেকে কয়লা উত্তোলন সম্পন্ন করার পর নতুন ১২১০ নম্বর ক্ষেত্র থেকে কয়লা উত্তোলনে টপকোল কেভিং পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেয় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। এ পদ্ধতিতে ক্ষেত্রের ওপর ও নিচ উভয় পাশ থেকে একসঙ্গে তিন মিটার করে মোট ছয় মিটার পুরু কয়লার স্তর কাটা হয়।

খনির মহাব্যবস্থাপক (খনিজ) হাবিব উদ্দিন জানান, নতুন ক্ষেত্র থেকে কয়লা উত্তোলনের আগে ওই ক্ষেত্রের উপরিভাগের হাইড্রো-জিওলজিক্যাল ডেটা সংগ্রহ করা প্রয়োজন। যার মাধ্যমে খনি অভ্যন্তরের ওই এলাকার ভূতাত্ত্বিক অবস্থা সম্পর্কে তথ্য জানা সম্ভব হয়। এর ফলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে সর্বোচ্চ মাত্রায় কয়লা উত্তোলন করা যায়।

গত ১৩ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী মৌপুকুর গ্রামে খননকাজ শুরু করা হয়। ১৫ ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সংগঠন বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিলের নেতৃত্বে কিছু ব্যক্তি ক্ষতিপূরণের অবশিষ্ট টাকা পরিশোধের দাবিতে খননকাজে বাধা দেন। এতে কাজ স্থগিত করা হয়।

পরে ১ মার্চ আবার খননকাজ শুরু করলেও গ্রামবাসীর বাধার কারণে তা স্থগিত করা হয়। এসব ঘটনায় ইব্রাহিম খলিলসহ আটজনকে আসামি করে পার্বতীপুর থানায় দুটি মামলা করে খনি কর্তৃপক্ষ। কিন্তু ইব্রাহিম খলিল আওয়ামী লীগের স্থানীয় নেতা হওয়ায় তাঁদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

বাধার মুখে জরিপ স্থগিত করা হলেও ২৫০ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের চাহিদামতো কয়লা সরবরাহ অব্যাহত রাখতে খনি কর্তৃপক্ষ ৮ মে পরীক্ষামূলকভাবে নতুন পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু করে। বর্তমানে খনি থেকে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার মেট্রিক টন কয়লা তোলা হচ্ছে।