নতুন পদ্ধতির বাতিল চান মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের এসএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি বাতিল করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে তিনি এ দাবি জানান।
‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগরের স্কুলসমূহ’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে চট্টগ্রাম নগরের কলেজিয়েট স্কুল, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয়, রহমানিয়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের হাতে থাকা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নতুন পরীক্ষাপদ্ধতি বাতিল করো, পুরোনো পরীক্ষাপদ্ধতি বহাল রাখো’, ‘মানি না মানব না, ৭টা সৃজনশীল লিখব না’।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমবে। এই ১০ নম্বর যুক্ত হবে সৃজনশীল অংশে। গত বছরের ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।
গতকালের মানববন্ধনে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সৃজনশীল পদ্ধতিকে আমরা স্বাগত জানাই। কিন্তু ছয়টির পরিবর্তে আরও একটি প্রশ্ন বাড়িয়ে দেওয়ার বিষয়টি ন্যায়সংগত হয় নাই। এটি জুলুম ছাড়া কিছুই নয়। তাই অভিভাবক হিসেবে আমাদের দাবি থাকবে, সরকার অবিলম্বে এই ভুল সিদ্ধান্ত পরিহার করবে।’
কর্মসূচিতে অংশ নেওয়া আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ফাতেমা ইয়াসমিন, নাজিফা আনজুম ও রহমানিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র মো. ইরফান মোল্লা প্রথম আলোকে বলে, বর্তমান পদ্ধতিতে দুই ঘণ্টা ১০ মিনিটে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা কঠিন হয়ে যায়। মাত্র ১০ মিনিট বাড়িয়ে আরও একটি সৃজনশীল প্রশ্ন বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই অল্প সময়ের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর লেখা শিক্ষার্থীদের পক্ষে কঠিন হয়ে
পড়বে। তাই এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
ছাত্রলীগের ব্যানারে কর্মসূচি আয়োজনের বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু এভাবে আন্দোলনের সফলতা আসবে না এবং ধারাবাহিকতাও থাকবে না। তাই ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।