যশোরের মনিরামপুর উপজেলার জোকা দীঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার তালা ঝুলিয়ে দিয়েছে অভিভাবকদের একাংশ। বিদ্যালয়টিতে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবিতে তারা কার্যালয়সহ সাতটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়।তালা লাগানোর কারণে আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বিদ্যালয়ের সব শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে। তিনি তালা খোলার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মনিরামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা বেগম অভিযোগ করে বলেন, ‘স্থানীয় মতিয়ার রহমান ও অভিভাবক রবিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন জোরপূর্বক তালা ঝুলিয়ে দিয়েছেন। তাঁরা আমাকে সভাপতির পদ থেকে সরাতে চান। এ কারণেই বিদ্যালয়ে তালা লাগিয়ে পাঠদানকার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছেন।’ রবিউল ইসলাম তালা লাগানোর কথা স্বীকার করে বলেন, অনেক আগেই বিদ্যালয়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অস্থায়ী (অ্যাডহক) কমিটি গঠনের জন্য যশোর শিক্ষা বোর্ড থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে। কিন্তু প্রধান শিক্ষক আমজাদ হোসেন এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, ‘অসুস্থতার কারণে আমি দুই মাসের ছুটিতে রয়েছি। তাই এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারিনি।’