নতুন পরিচয়ে নির্বাচনী মাঠে
ঘনিয়ে আসছে সময়। রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। গত রোববার পর্যন্ত দলীয় মনোনয়ন পাওয়া মেয়র পদপ্রার্থী ছাড়া স্বতন্ত্র মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজের ও বংশ পরিচয় তুলে ধরে প্রচারণা চালিয়েছেন। কিন্তু গতকাল সোমবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই তাঁরা সরাসরি নেমে পড়েন নির্বাচনী মাঠে। এখন প্রতীকসহ নতুন পরিচয়ে প্রচারণা চালাচ্ছেন তাঁরা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই পৌরসভায় মেয়র পদে ছয়, সাধারণ কাউন্সিলর ২৯ এবং মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা, বিএনপির পরিতোষ চক্রবর্তী, জাতীয় পার্টির লাতিফুল খাবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল বাকী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শামিম আরা বেগম নিজ নিজ দলীয় প্রতীক আগেই পেয়েছেন। আর গতকাল মেয়র পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক পেয়েছেন নারকেলগাছ প্রতীক। আজিজুল হক একসময় ছাত্রলীগ করতেন। প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও গতকাল প্রতীক বণ্টন করা হয়। ভোটারদের মতে, গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হলেও গত ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন গতকাল পাঞ্জাবি প্রতীক পাওয়ার পর তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘ভাই যা বলবেন তাড়াতাড়ি বলেন। প্রতীক সবার আগে মাঠে পৌঁছাতে হবে। ভোটাররা কী প্রতীক পেলাম তা জানার জন্য অপেক্ষা করছেন।’
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নীলকান্ত পাইকারের প্রতীক উট পাখি। এতে তিনি বেজায় খুশি। কারণ এই প্রতীক অধিকাংশ কাউন্সিলর প্রার্থীই চেয়েছিলেন। তিনি বলেন, ‘এত দিন নিজের পরিচয়ে ভোট চাইছি। আজ থেকে আমার পরিচয় উটপাখি। এখন নাওয়াখাওয়া সব বাদ। প্রতীক নিয়ে যাব ভোটারদের কাছে।’
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিন শাহ বরাদ্দ পেয়েছেন পাঞ্জাবি প্রতীক। তিনি বলেন, ‘প্রতীক ছাড়া মাঠে ভোট জমে না। এত দিন প্রতীক না পাওয়ায় নিজের পরিচয়ে ভোট চাইছি। আজ থেকে ভোটের ময়দানে শুরু হলো প্রতীকসহ আমার নতুন পরিচয়।’
স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুল হক বলেন, ‘দলীয় প্রার্থীরা অনেক আগে থেকেই নির্বাচনী বিধি উপেক্ষা করে প্রতীকসহ মাঠে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়েছে প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য। এ ক্ষেত্রে আমি অন্য প্রার্থীদের চেয়ে প্রতীকসহ প্রচারণা চালানোর জন্য সময় কম পেলাম।’
রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, ‘অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিধি মোতাবেক আজ (গতকাল) থেকে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন সব প্রার্থী।’