নতুন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবিতে মানববন্ধন করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, বর্তমানে প্রতিটি বিষয়ে দুই ঘণ্টায় শিক্ষার্থীদের ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আর এর জন্য মাত্র ১০ মিনিট সময় বাড়ানো হয়েছে। এত অল্প সময়ে এতগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়াটা কষ্টকর হবে।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র সুপ্রতিম সেন বলে, ‘শিক্ষামন্ত্রী বলছেন, প্রশ্ন ফাঁস ঠেকানোর জন্য পরীক্ষা পদ্ধতিতে এ পরিবর্তন আনা হয়েছে। কিন্তু আমরা তো প্রশ্ন ফাঁস করিনি। তাহলে এর জন্য কেন আমাদের ভুগতে হবে?’
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করা চলবে না’, ‘৭টা সৃজনশীল মানব না, লিখব না’, ‘৭টি সৃজনশীল লিখছি না, লিখব না’ ইত্যাদি প্ল্যাকার্ড বহন করে।
মানববন্ধনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।