নতুন পিএসসি রুখতে তেল-গ্যাস রক্ষা কমিটির পাঁচ মাসের কর্মসূচি
দেশে এ পর্যন্ত যত পিএসসি (উৎপাদন ও অংশীদারিত্ব চুক্তি) হয়েছে, তার সবই দেশের স্বার্থবিরোধী। তাই নতুন করে আর কোনো পিএসসি দেশে হতে দেওয়া হবে না। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা এ কথা বলেছেন। কমিটির নেতাদের অভিযোগ, পিএসসির আওতায় কনোকোফিলিপসের সঙ্গে সমুদ্রের গ্যাস উত্তোলনের চুক্তি সই হওয়ায় সারা দেশে আন্দোলন হচ্ছে। তারপরও স্থলভাগের গ্যাসব্লকগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে পিএসসি-২০১১-এর প্রক্রিয়া শুরু করছে সরকার।এরই পরিপ্রেক্ষিতে পিএসসি-২০১১-এর প্রক্রিয়া বন্ধ, কনোকোফিলিপসের সঙ্গে করা চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তি বাতিল করে জাতীয় সংস্থা গঠন, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করাসহ সাত দফা দাবিতে সারা দেশে পাঁচ মাসব্যাপী কর্মসূচি পালন করবে জাতীয় কমিটি।পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এ কর্মসূচির ঘোষণা করেন জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। কর্মসূচির মধ্যে আছে: ২৭ থেকে ৩১ জুলাই দেশের পাঁচ প্রান্ত পর্যন্ত জনসংযোগ, ১৯ আগস্ট কেন্দ্রীয় প্রতিনিধি সভা, ২৬ আগস্ট দেশব্যাপী ফুলবাড়ী দিবস পালন, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর বঙ্গোপসাগর অভিমুখে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ, ২২ থেকে ২৫ অক্টোবর ঢাকা-সুনেত্র লংমার্চ। ২৬ নভেম্বর ‘চলো চলো, ঢাকা চলো’ কর্মসূচির মাধ্যমে ঢাকায় মহাসমাবেশ করে কর্মসূচি শেষ হবে।আনু মুহাম্মদের অভিযোগ, এ পর্যন্ত যত পিএসসি হয়েছে, তার কোনোটি নিয়েই সংসদে আলোচনা হয়নি। সাংসদেরাও ভালোভাবে পিএসসি সম্পর্কে জানেন না। নতুন করে কোনো পিএসসি করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। জনগণের সমর্থনকে শক্তিতে পরিণত করতেই এ কর্মসূচি ঘোষণা করা হলো।কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, বিদেশি কোম্পানির স্বার্থরক্ষায় সরকার উন্মুক্তভাবে বেপরোয়া কাজ করে যাচ্ছে। কনোকোফিলিপসকে এ দেশ থেকে তাড়াতে হবে। পাশাপাশি দেশের সম্পদ উত্তোলনের জন্য জাতীয় সংস্থাকে শক্তিশালী করে তুলতে হবে। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ‘দেশের সম্পদে জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত, জাতীয় সম্পদ রক্ষায় বিদেশি কোম্পানিকে দেশ থেকে বিতাড়িত করা ও জাতীয় সংস্থাকে শক্তিশালী করার জন্য এ আন্দোলন।’কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, জাতীয় সম্পদের বিষয়ে করা চুক্তি নিয়ে সংসদে আলোচনা না করে গোপনে করা হচ্ছে। গোপন চুক্তির ফল ভালো হবে না।