নতুন পৃথিবী, প্রযুক্তির পৃথিবী

আই-জেন। ইন্টারনেট জিনিয়াসের সন্ধানে জেলায় জেলায় ছুটে চলা বন্ধুদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। বরিশালে উত্সবের দিনগুলোতে শিখেছি আমরাও। শিক্ষার্থীদের সঙ্গে থেকে দেওয়া-নেওয়ার পাল্লা কার ভারী হয়েছে, সে বিচার পরে কখনো করা যাবে। তবে দু-একটি অভিজ্ঞতা বা শিক্ষণের কথা না বললেই নয়।
আই–জেনের প্রথম ধাপে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফরিদপুর ইউনিয়নের কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠান। হলরুমভর্তি কমপক্ষে এক হাজার শিক্ষার্থী, যার মধ্যে অর্ধেক মেয়ে। অনুষ্ঠান শুরু হতে কিছু সময় বাকি। গ্রামের স্কুলে তিন শ্রেণির এক হাজার শিক্ষার্থীর উপস্থিতি দেখে আমরা উজ্জীবিত। তখন প্রধান শিক্ষক বললেন, ‘উত্সব শুনে সপ্তম শ্রেণির কিছুসংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়েছে। ওরা যদি অংশ নিতে না পারে, তাহলে সে বিষয়টি আপনাদের বুঝিয়ে বলতে হবে।’
মাইক্রোফোন নিয়ে বললাম, এবারের আয়োজনটি অষ্টম-নবম আর দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। কথা শেষ করার আগেই হলরুমের পেছনে বসা এক শিক্ষার্থী বলে উঠল, ‘লিখেছেন সবার জন্য ইন্টারনেট, এখন বলছেন তিন ক্লাসের কথা, আমরা কি সবার মধ্যে নই?’ ব্যানারের দিকে তাকিয়ে ওর যুক্তির পক্ষে থাকতে হয়েছে। সবার মধ্যে আবার প্রাচীর তুলে ওর বা ওদের মনে কষ্ট দিতে পারিনি। কিন্তু শিক্ষা নিতে হয়েছে ওদের কাছ থেকেই। বাধ্য হয়ে বলেছিলাম, তোমরা উত্সবে থাকতে পারবে। শুধু প্রতিযোগিতামূলক মেধা যাচাইয়ে অংশ নিতে পারবে না। তাতেই ওরা খুশি। জোরে হাততালি দিয়ে উল্লাস। ওরা থেকেছে এবং গ্রহণ করেছে ইন্টারনেটের আধুনিক বিষয়।
আবার আনন্দ-উচ্ছ্বাস এবং অভিনন্দন ও স্বীকৃতি মিলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে। ইন্টারনেট জিনিয়াস উত্সবের স্কুলভিত্তিক কর্মসূচি শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। অবশ্য আঞ্চলিক উত্সবও কম যায়নি। জেলার ১৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত মেধা যাচাই, দলগত কৌশল উপস্থাপন, বুদ্ধিদীপ্ত খেলায় অংশ নেওয়া—সবকিছুই ছিল ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীকে হাতের মুঠোয় নেওয়ার প্রতিযোগিতা।
পুরো উত্সবে একটা বিষয় স্পষ্ট হয়েছে, ‘কালকের পৃথিবীটা আমাদের হবে’ অথবা ‘চলো পৃথিবীর পাঠশালায়’—বাক্য দুটি দৈববাণীর মতো কাজ করেছে তরুণ প্রজন্মের মধ্যে। ওই বাণীতে উজ্জীবিত তরুণেরা পৃথিবীর পাঠশালায় নাম লেখাতে যে যেমন পারছেন শামিল হয়েছেন। প্রতিযোগিতা করেছেন নিজের সঙ্গে নিজের এবং বন্ধুর সঙ্গে বন্ধুর। ইন্টারনেট উত্সব তরুণদের মধ্যে সম্ভাবনার নতুন বীজ বুনে দিয়েছে। জাগিয়ে দিয়েছে কালকের পৃথিবী জয়ের আকাঙ্ক্ষা।