নতুন পোশাক পেল আলোর পাঠশালার শিক্ষার্থীরা
নওগাঁর নিয়ামতপুরের গুড়িহারী-শালবাড়ীতে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ‘আলোর পাঠশালা’ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ফ্যাশন হাউস ‘ও-টু’-এর সহযোগিতায় ৭৫ শিক্ষার্থীর হাতে এসব পোশাক তুলে দেওয়া হয়।
নতুন পোশাক পেয়ে খুশি ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা হক বলে, ‘বিদ্যালয় থেকে যে ঈদের পোশাক পাওয়া যায়, এটা কখনো শুনিনি। আমার খুবই ভালো লাগছে।’
অভিভাবক রবিউল ইসলাম বলেন, এই এলাকার বাচ্চারা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর কাছাকাছি কোনো মাধ্যমিক বিদ্যালয় পেত না। এখন প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এখানে বিদ্যালয় হয়েছে। ঈদের আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবার নতুন পোশাকও দেওয়া হচ্ছে। এটা এই এলাকার মানুষের জন্য বিরাট পাওয়া। তিনি বলেন, তাঁরা এই বিদ্যালয়ের সব ধরনের সহযোগিতায় পাশে থাকবেন।
পোশাক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাদের আলী, সদস্য রকিব আলী ও পারভেজ আলী, স্থানীয় ইউপি সদস্য মাসুদ রেজা, পার্শ্ববর্তী ভিমপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক জায়নাল আবেদীন, প্রথম আলো বন্ধুসভার রাজশাহীর বন্ধু ফারুক হোসেন, মাসুদ রানা, জাহিদুল ইসলাম, আরাফাত রুবেল, স্কুলশিক্ষক দুলারী খাতুন, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ এবং বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।