নতুন জাতীয় বেতন স্কেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শুরু থেকেই অন্তর্ভুক্ত করার দাবিতে সাতক্ষীরা ও ভোলায় শিক্ষক-কর্মচারীরা আন্দোলনের ডাক দিয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার নেতারা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পড়েন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ (অব.) ইউনুস আলী।
লিখিত বক্তব্যে সারা দেশের শিক্ষকদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা উল্লেখ করে ইউনুস আলী বলেন, পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, আগামী সোমবার মন্ত্রিসভায় নতুন জাতীয় পে-স্কেল অনুমোদন হবে। একই সঙ্গে ওই খবরে প্রস্তাবিত পে-স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ছয় মাস পরে অন্তর্ভুক্তির সুপারিশের কথাও এসেছে। এতে হতাশ হয়েছেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে একই দাবিতে আজ শনিবার মানববন্ধন, মিছিল ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবদুর রহমানসহ মোবাশ্বেরুল হক, রিয়াজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আজিজুর রহমান, আবু সাইদ, খলিলুর রহমান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন প্রমুখ।
এদিকে একই দাবিতে গতকাল বেলা ১১টায় ভোলার ওবায়দুল হক মহাবিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে আজ শনিবার থেকে আন্দোলনের ডাক দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাকসুদুর রহমান। আন্দোলনের মধ্যে রয়েছে মানববন্ধন, স্মারকলিপি পেশ, বিক্ষোভ, রাজপথে অনশন। সংবাদ সম্মেলনে শিক্ষকেরা উপস্থিত ছিলেন।