নতুন পোশাক পেল না লাবীব আর অর্ণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিশালে প্রিজন ভ্যানে হামলায় নিহত পুলিশ কনস্টেবল আতিকুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (ডানে) গতকাল দুই শিশুপুত্রকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন । প্রথম আলো
ত্রিশালে প্রিজন ভ্যানে হামলায় নিহত পুলিশ কনস্টেবল আতিকুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (ডানে) গতকাল দুই শিশুপুত্রকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন । প্রথম আলো

পাঁচ বছরের লাবীব ও তিন মাস বয়সের অর্ণবের জন্য বাবা নতুন পোশাক কিনে রেখেছিলেন। ছুটি মিলছিল না বলে সেই পোশাক নিয়ে বাড়ি আসতে পারছিলেন না।
বাবা পুলিশ কনস্টেবল মো. আতিকুল ইসলামের কর্মস্থল গাজীপুর পুলিশ লাইন। গতকাল রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে প্রিজন ভ্যানে করে নিয়ে সহকর্মীদের সঙ্গে ময়মনসিংহ আদালতে আসছিলেন আতিকুল। আতিকুলের বাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়মনসিংহ সদর উপজেলার পণ ঘাগড়া গ্রামে। শনিবার রাত সাড়ে নয়টায় আতিকুল মুঠোফোনে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে জানান, রোববার সকালে তিনি ময়মনসিংহে আসবেন। ছেলে লাবীব আর অর্ণবের জন্য কেনা নতুন পোশাকগুলো সঙ্গে আনতে চান। কিন্তু গুরুদায়িত্বের জন্য বাড়ি আসা সম্ভব নয়। কথা হয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর একটি পেট্রলপাম্পে বড় ভাই শফবুল ইসলাম অপেক্ষা করবেন বাচ্চাদের নতুন পোশাকগুলো নেওয়ার জন্য। কিন্তু এর আগেই ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালায় জেএমবির সদস্যরা। গুলিতে মারা যান আতিকুল।
দুপুরে আতিকুলের বাড়িতে গিয়ে দেখা যায় কান্নার রোল। ঘরের ভেতর দুই শিশুপুত্রকে নিয়ে অঝোরে কাঁদছিলেন আতিকুলের স্ত্রী সাবিনা। আহাজারি করে বলেন, ‘কথা ছিল আইজ (গতকাল) আমি ছোট ছেলেরে নিয়া ময়মনসিংহ শহরের ডাক্তার দেখাইতে যাব। তখন কোটে গিয়া তাঁর সাথে এক নজর দেখা করব। কিন্তু আমার স্বামীরে শয়তানরা মারছে। আল্লাহ যেন শয়তানদের বিচার করে।’
এ সময় লাবীব ও অর্ণব শুধু মায়ের সঙ্গে কাঁদছিল।