নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত পথশিশুরা
বরিশাল নগরের ১০০ পথশিশুকে ঈদ উপলক্ষে নতুন পোশাক দিয়েছেন ও ইফতারি করিয়েছেন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন উচ্ছ্বাসের স্বেচ্ছাসেবীরা। গত শুক্রবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অধিকারবঞ্চিত এসব শিশুর হাতে নতুন পোশাক তুলে দেন বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।
এ সময় ইউনিসেফের বরিশাল অঞ্চলের প্রধান তৌফিক আহমেদ, সেভ দ্য চিলড্রেনের ডিএলএলআই প্রকল্পের ব্যবস্থাপক মাহমুদুল হাসান ও বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের স্থানীয় সমন্বয়কারী ফেরদৌসী সুলতানা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিহা তাসনিন, মাসুদ রানা, প্লাবন, আন্নি, মিম, ইয়াসফি, ইয়াসিন, সৈকত, রণি, আতিক ও অনিক উপস্থিত ছিলেন।
পোশাক বিতরণকালে বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা নিজেদের অর্থে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এভাবে সবাই উদ্যোগী হলে দেশের সমস্ত সুবিধাবঞ্চিত মানুষকে ঈদের আনন্দে শামিল করা সম্ভব।’ এই উদ্যোগ নেওয়ায় সংগঠনটির উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
ঈদে নতুন জামা পেয়ে এসব শিশু উচ্ছ্বসিত। এসব শিশুর অনেকের মা-বাবা নেই। এ জন্য ঈদে তাদের নতুন জামা পরার স্বপ্ন থাকলেও তা পূরণ হয় না। নতুন জামা হাতে পেয়ে ১২ বছর বয়সী বাক ও শারীরিক প্রতিবন্ধী চম্পার চোখ-মুখ খুশিতে উজ্জ্বল দেখাচ্ছিল।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী প্রসেনজিৎ কুমার সাহা জানান, উচ্ছ্বাস একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী মিলে চলতি বছরের ৬ মে সংগঠনটি গড়ে তোলেন। পথশিশুদের শিক্ষা সহায়তা, বৃদ্ধ, প্রতিবন্ধী ও অসহায় নারীদের উন্নয়নে স্বেচ্ছাশ্রমে কাজ করার লক্ষ্য নিয়ে তাঁরা সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তাঁদের খাবার ও আনুষঙ্গিক ব্যয়ের অর্থ থেকে একটা অংশ সাশ্রয় করে তাঁরা মানবিক কাজে এসব অর্থ ব্যবহার করছেন।