নতুন প্রকল্পহচ্ছে, ব্যয় বাড়ছে গরিবের ফ্ল্যাটহচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগে বাদ পড়েছিল বেসরকারি সহ-উদ্যোক্তা৷ হয়েছে নতুন প্রকল্প৷ ব্যয় বেড়েছে আরও ৭০ কোটি টাকা৷ সব মিলে চলে গেছে এক দশক। কিন্তু অনেক গরিবের ফ্ল্যাটই স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে ভিত্তি পায়নি।
এ করুণ অবস্থা বস্তিবাসী ও নিম্নবিত্তদের আবাসনের জন্য নেওয়া আলোচিত ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের’৷ টাকা জমা দিয়েও স্বপ্নের ফ্ল্যাটে ওঠা হচ্ছে না ৮২৩টি নিম্নবিত্ত পরিবারের।
ফ্ল্যাট না পেলেও নিম্নবিত্ত মানুষগুলো ফেরত পাননি কষ্টের সঞ্চয় বা ধারকর্জ করে জমা দেওয়া টাকা। সরকারি-বেসরকারি অংশীদারত্বের এ প্রকল্পের উভয় পক্ষ একে অপরের ওপর দায় চাপিয়েছে৷ সরকার বলছে, নিম্নবিত্তরা টাকা দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানকে। তাই সরকার দায় নেবে না। বেসরকারি নির্মাতাপ্রতিষ্ঠানটির বক্তব্য, মাঝপথে চুক্তি বাতিল করা হয়েছে। তাই চাইলেও তারা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না।
অননুমোদিত ব্যক্তিদের ফ্ল্যাট বরাদ্দ, অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং সময়মতো কাজ শেষ করতে না পারার অভিযোগে ২০১০ সালে নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (এনএসপিডিএল) সঙ্গে চুক্তি বাতিল করে সরকার। এরপর দায়িত্ব দেওয়া হয়েছিল ভূমি মন্ত্রণালয় ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে। কিন্তু তখন থেকে প্রায় চার বছর পার হলেও অসমাপ্ত কাজের বাস্তবায়ন শুরুই হয়নি।
রাজধানীতে অপরিকল্পিত বস্তি গড়ে ওঠা নিরুৎসাহিত করতে উচ্ছেদ হওয়া বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য মিরপুর ১৪ নম্বরে সরকারি জমিতে ২০০৪ সালে এ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়। ২০০৯ সালের মধ্যে পাঁচ বছরে ১৩ হাজার ৬৬০টি
ফ্ল্যাট তৈরির কথা ছিল। কিন্তু ১০ বছরে হয়েছে মাত্র দুই হাজার ১৬টি ফ্ল্যাট৷ প্রকল্পের সম্পন্ন হওয়া ভবনগুলোতে এখন কয়েক শ পরিবার বাস করছে৷
সরকার দায়িত্ব নেওয়ার পর: স্থবির প্রকল্পটির কাজ দ্রুত বাস্তবায়নের জন্য ২০১১ সালের ২ জানুয়ারি অর্থমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত হয়, ভবন নির্মাণ ও বরাদ্দের কাজ করবে ভূমি মন্ত্রণালয়। নির্মাণকাজ করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। ভূমি মন্ত্রণালয় উপকারভোগী ব্যক্তিদের তালিকা করবে আর গৃহায়ণ কর্তৃপক্ষ ফ্ল্যাট বরাদ্দ দেবে।
এরপর গৃহায়ণ কর্তৃপক্ষ ৩৪৫ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করে৷ ২০১২ সালের জুলাই থেকে শুরু করে ২০১৫ সালের ৩০ জুনের মধ্যে এর বাস্তবায়ন হওয়ার কথা। এতে ২৮টি ভবনে চার হাজার ৩২টি ২১৫ বর্গফুটের এবং ১৫টি ভবনে ৩৯৫ বর্গফুটের এক হাজার ৪৪০টি ফ্ল্যাট হওয়ার কথা। সব কটি ভবন হবে ছয়তলা৷
প্রকল্পের কাজ না এগোলেও ব্যয় বেড়ে গেছে অনেক৷ হালনাগাদ দাম ধরে নতুন করে ব্যয় নির্ধারণ করায় খরচ প্রায় ৭০ কোটি টাকা বেড়ে গেছে। গৃহায়ণ কর্তৃপক্ষ ব্যয় সংশোধিত প্রকল্প সম্প্রতি পূর্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছে৷ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ৩৪৫ কোটি টাকার প্রকল্প গিয়ে দাঁড়াবে ৪১০ থেকে ৪১৫ কোটি টাকায়। তার পরও সময়মতো কাজ শুরু হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তাঁদের।
জানতে চাইলে ভূমিমন্ত্রী শামসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ প্রকল্পটি আমি পুরো অচল অবস্থায় পেয়েছি। আমি কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করছি। ব্যয় বেড়ে গেছে, কথাটা সত্যি৷ আমি শিগগির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। এ নিয়ে মামলাও রয়েছে। পুরো বিষয়টি জটিল অবস্থায় রয়েছে।’
ফ্ল্যাটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নিম্নবিত্তরা তো আমাদের টাকা দেয়নি, দিয়েছে নির্মাণপ্রতিষ্ঠানকে। এ ক্ষেত্রে আমাদের কী করার আছে। আমরা এখন প্রকল্প বাস্তবায়ন কীভাবে করা যায়, সে চিন্তাভাবনা করছি।’
প্রকল্পটি শুরু করা প্রতিষ্ঠান এনএসপিডিএলের চেয়ারম্যান মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘আমার ও ফ্ল্যাটমালিকদের টাকা দিয়েই এ প্রকল্পের সব কাজ করা হয়েছে। যৌথ প্রকল্প হলেও এতে সরকারের কোনো টাকা নেই। আমাদের টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, চুক্তি বাতিলের মাধ্যমে আমাকে ওই প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে৷’
এ প্রকল্পে অনিয়মের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক থেকে প্রকল্প-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র চাওয়া হয়েছে। অবশ্য এর আগেও এ বিষয়ে কাগজপত্র চেয়ে দুদক থেকে চিঠি পাঠানো হয়েছিল।
ক্ষুব্ধ ভুক্তভোগীরা: ২০০৪ সালে সাত লাখ ৪০ হাজার টাকা দিয়েছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী কামাল পাশা। ২০০৯ সালের মধ্যে ফ্ল্যাট পাবেন—এ আশায় কষ্ট করে হলেও তিন মাসের মধ্যে পুরো টাকা দিয়েছিলেন তিনি। প্রথম আলোকে কামাল পাশা বলেন, ‘আমরা ফ্ল্যাট পাই নাই৷ টাকাও ফেরত চেয়ে পাই নাই৷ আমাদের অধিকার দেখার জন্য কোনো অভিভাবক নাই। এ বিষয়ে কথা বলতে ভূমি মন্ত্রণালয়ের অধীন একটি কার্যালয়ে গেলে আমাকে আরও এক লাখ ২০ হাজার টাকা দিতে বলা হয়।’
কামাল পাশা অভিযোগ করেন, ফ্ল্যাট পেতে আন্দোলন করায় তাঁদের অনেককে প্রকল্প এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না । তাঁদের জন্য যেসব ফ্ল্যাট তৈরি করা হচ্ছিল, তা এখন অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছে প্রকল্প দখল করে থাকা সন্ত্রাসীরা।
দীর্ঘদিনেও ফ্ল্যাট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মুফতি আশিকুর রহমান বলেন, ‘আর কত অপেক্ষা করব? অনেক স্বপ্ন নিয়ে ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু স্বপ্ন আর পূরণ হবে বলে মনে হয় না। আমাদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। কার কাছে যাব, তা-ও বুঝতে পারছি না।’