এই স্বাধীন বাংলাদেশে জামায়াত-শিবির ’৭১-এর মতো নারকীয় তাণ্ডব চালাচ্ছে। তাদের এই দেশে কোনো রাজনীতি করার অধিকার নেই। নতুন প্রজন্ম আজ ’৭১-এর চেতনায় জেগে উঠেছে।মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি ও দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংস হামলার প্রতিবাদে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠের সামনের প্রধান সড়কে জাগরণী মঞ্চের এক সমাবেশে এসব কথা বলেন ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।গতকাল বিকেল চারটায় সমাবেশে সভাপতিত্ব করেন জাগরণী মঞ্চের ফারহানা আনাম। বক্তব্য দেন বিপ্লব প্রসাদ, নিশাত আরেফীন, আলী আকবর, সৈয়দ মাহবুবুর রহমান, মফিজুল ইসলাম, তৌহিদুর রহমান, সাখাওয়াত রাঙ্গা, মজিবর রহমান, সদরুল আলম, সৈয়দ মামুনুর রহমান, রথীশ চন্দ্র ভৌমিক প্রমুখ।সমাবেশের আগে জাগরণী মঞ্চের পক্ষ থেকে জাতীয় পতাকা নিয়ে মিছিল বের করা হয়। সমাবেশে রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।