ব্যবসা, বিনিয়োগ ও সংযোগ জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের সূচনা করতে চায় বাংলাদেশ ও ভারত। আর ৬৫-দফার যৌথ ঘোষণা ‘নতুন প্রজন্ম নতুন দিশা’ এরই বহিঃপ্রকাশ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয় গত শনিবার। এ বৈঠকের আলোকে রচিত যৌথ ঘোষণায় সমন্বিত উপায়ে যোগাযোগ প্রতিষ্ঠা করে ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে দুই দেশ ও এ অঞ্চলের সামগ্রিক সমৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশ সড়ক, রেল ও নৌপথে অবাধে পণ্য ও মানুষের যাতায়াত সুগম করতে একটি বহুমাত্রিক পরিবহন চুক্তির জন্য আলোচনা শুরু করবে। এ জন্য গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স। গতকাল রোববার বিকেলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সময়ে যৌথ ঘোষণা প্রকাশ করে।
দুটি প্রতিবেশী দেশের দুই প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণায় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি, অর্থনৈতিক সহযোগিতা, সামুদ্রিক অর্থনীতি, মানুষে মানুষে যোগাযোগ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলোও উঠে এসেছে। তাঁরা মনে করেন, সার্বভৌমত্ব, সমতা, বন্ধুত্ব, আস্থা ও পরস্পরের জনগণের স্বার্থে এবং এ অঞ্চলের সামগ্রিক কল্যাণের ভিত্তিতে ফলপ্রসূ, পরিপক্ব ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এর মাধ্যমেই বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে।
ভারতের লোকসভা ও রাজ্যসভায় ১০০তম সংবিধান সংশোধনী বিল সর্বসম্মতভাবে পাস হওয়ায় সীমান্ত চুক্তি বাস্তবায়নের পথ সুগম হয়। এতে দুই প্রধানমন্ত্রী গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, এটি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন এক মাইলফলক।
আগেই ঠিক ছিল নরেন্দ্র মোদির সফরে তিস্তা চুক্তি হচ্ছে না। তবে তিনি চুক্তি সইয়ের বিষয়ে শেখ হাসিনার কাছে কিছুটা সময় চেয়েছেন। অবশ্য তিস্তার অন্তর্বর্তীকালীন পানি চুক্তি সইয়ের জন্য ২০১১ সালে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত তিস্তা চুক্তি সইয়ের জন্য নরেন্দ্র মোদিকে অনুরোধ জানান শেখ হাসিনা। এ সময় মোদি তাঁকে জানান, যত দ্রুত সম্ভব তিস্তা ও ফেনীর অন্তর্বর্তীকালীন চুক্তি সই হবে। এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে আলোচনা চলছে।
পানিসম্পদ ব্যবস্থাপনা ও পানি বণ্টনসহ অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা সমন্বিত উপায়ে সমাধানের ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। এ জন্য তাঁরা উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তির আলোকে অভিন্ন অববাহিকা ব্যবস্থাপনা অনুসরণের কথা বলেন। দুই দেশের স্বার্থে পানিসম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য দুই প্রধানমন্ত্রী যত দ্রুত সম্ভব যৌথ নদী কমিশনের (জেআরসি) ৩৮তম বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দেন।
নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে অতুলনীয় সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন দুই প্রধানমন্ত্রী। তাঁরা সব ধরনের উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিষয়ে তাঁদের দ্ব্যর্থহীন ও আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করেন। এর পাশাপাশি তাঁরা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংগঠনের ব্যাপারে নিজেদের মধ্যে তথ্যবিনিময়ে সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন। এক দেশের ভূখণ্ড যাতে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, সে ব্যাপারে তাঁরা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভারতের পক্ষ থেকে নিরাপত্তা খাতে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন নরেন্দ্র মোদি। দুই প্রধানমন্ত্রী সীমান্তে মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে আনার ব্যাপারেও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ জন্য তাঁরা সীমান্তরক্ষী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
বিদ্যুৎ খাতে সহযোগিতা ও অর্জন নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই প্রধানমন্ত্রী। এ খাতে তাঁরা আরও সহযোগিতা বাড়াতে রাজি হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চান। ভারত এতে প্রধান অংশীদার হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির মতে, এ প্রক্রিয়ায় ভারতের অনেক করপোরেট সংস্থার সহযোগিতা করার সামর্থ্য আছে। তিনি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন প্রক্রিয়ায় ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। বিদ্যুৎ খাতে সহযোগিতার অংশ হিসেবে ভারত থেকে আগামী দিনে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করা হবে। এ ছাড়া দুই পক্ষ বাংলাদেশে সঞ্চালন লাইন স্থাপনের মাধ্যমে ভারতের এক অংশ থেকে অন্য অংশে বিদ্যুৎ নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে।
দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠককে দুই পক্ষ যুগ-সন্ধিক্ষণ ও ঐতিহাসিক হিসেবে দাবি করলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম তামিম প্রথম আলোকে বলেন, যৌথ ঘোষণায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার যে বিষয়গুলো এসেছে তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এখন দুই প্রধানমন্ত্রীর আলোচনার পর তা ঘোষণা হিসেবে আসায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। দুই দেশই এর সুফল ভোগ করবে।
তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, যৌথ ঘোষণায় যেসব বিষয় এসেছে, তা মনমোহন সিংয়ের সরকারের আমলে নেওয়া উদ্যোগেরই ফল। নরেন্দ্র মোদির এ সফরে ভবিষ্যৎমুখী দিকনির্দেশনার কথা বলা হচ্ছিল। কিন্তু এ ঘোষণায় যা এসেছে তা অনেকটা বাস্তবায়নমুখী, ভবিষ্যতের লক্ষ্যমুখী নয়। কাজেই মোদির সফর নিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, যৌথ ঘোষণায় তা সম্পূর্ণভাবে আসেনি।
নরেন্দ্র মোদি বাংলাদেশে ভারতের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি এ ক্ষেত্রে বেসরকারি খাতের ওপর গুরুত্ব দেন। ভারতের জন্য মংলা ও ভেড়ামারায় বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। তিনি বাংলাদেশের যোগাযোগ, সড়ক, রেলপথ, অভ্যন্তরীণ নৌপথ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য আরও ২০০ কোটি ডলারের ঋণচুক্তির ঘোষণা দেন।
জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ভারত ছাড়াও চীন ও জাপান আগ্রহ প্রকাশ করে আসছে। যদিও কোরিয়ান ইপিজেডের অভিজ্ঞতা সুখকর নয়। তবে এর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ সহজলভ্য করা সম্ভব। বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পণ্য রপ্তানি করে বাণিজ্য ঘাটতি প্রশমনে সীমিত সুযোগ সৃষ্টি হতে পারে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে যদি দেশের শ্রম, পুঁজি ও কাঁচামালের সঙ্গে মূল অর্থনীতির যোগসূত্র স্থাপিত হয় তাহলে লাভবান হওয়ার সুযোগ থাকে। কিন্তু এ অঞ্চল যদি কৃত্রিম দ্বীপের মতো থাকে তবে তা দিয়ে কোনো লাভ হবে না।
২০০ কোটি ডলারের ঋণ সম্পর্কে যৌথ বিবৃতিতে যেভাবে বলা হয়েছে তার সঙ্গে একমত দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর মতে, এর আগে ১০০ কোটি ডলারের মধ্যে ২০ কোটি ডলার পদ্মা সেতুতে অনুদান দেওয়া ছাড়া বাকি ঋণের অভিজ্ঞতা সুখকর নয়। এ ঋণের মূল সমস্যা সুদের হার নয়, এর চেয়ে বড় সমস্যা হচ্ছে উৎস শর্তায়িত থাকা। এর ফলে ভারত অনন্য সরবরাহকারী হয়ে যায়। বাংলাদেশ প্রতিযোগিতামূলক সুলভমূল্য থেকে বঞ্চিত হয়।
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালিদ প্রথম আলোকে বলেন, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্তের কথা যৌথ ঘোষণায় এসেছে। দুটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে। দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে যেসব শুল্ক ও অশুল্ক বাধা আছে, পণ্যের মান সনদ অন্যতম। বিএসটিআই ও বিআইএসের চুক্তি মান নিয়ন্ত্রণের সমস্যা দূর করতে সহায়ক হবে।