সুনামগঞ্জে ৫ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের কখনো দেশের মানুষ ভুলবে না। যত দিন বাংলাদেশ থাকবে, মানুষ তত দিন মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা দেবে। নতুন প্রজন্মই স্বাধীনতার চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ভরসা মুক্তিযোদ্ধাদের আছে।’গতকাল শুক্রবার জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় প্রাঙ্গণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ৫ নম্বর সেক্টরের দুজন সাব-সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধারা অংশ নেন। অনুষ্ঠানে সুনামগঞ্জের প্রবীণ চিকিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক ভাষাসংগ্রামী মো. হারিছ উদ্দিনকে সম্মাননা দেওয়া হয়। পুনর্মিলনী অনুষ্ঠান শুরুর আগে শহরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। এরপর অতিথি হিসেবে বক্তব্য দেন ৫ নম্বর সেক্টরের জেলা সাব-সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) এ এস হেলাল উদ্দিন, ভোলাগঞ্জ সাব-সেক্টরের কমান্ডার ন আ ম আলমগীর, এই সেক্টরের যোদ্ধা লে. কর্নেল (অব.) আবদুর রউফ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা-সাংবাদিক সালেহ চৌধুরী, মুক্তিযোদ্ধা অধ্যাপক রানা চৌধুরী। স্থানীয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন মতিউর রহমান, আবু সুফিয়ান, আলাউদ্দিন, মানিক মিয়া, কামাল উদ্দিন, ইমদাদুল ইসলাম, আবদুস সহিদ, আতাউর রহমান, জাবেদ আলী প্রমুখ।সাব-সেক্টর কমান্ডার এ এস হেলাল উদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে আমরা গর্ববোধ করি। মুক্তিযোদ্ধারা গরিব নয়। আমরা যত দিন আছি, সুখে-দুঃখে একসঙ্গে মিলেমিশে থাকতে চাই।’মুক্তিযোদ্ধা-সাংবাদিক সালেহ চৌধুরী বলেন, ‘নিজামী-মুজাহিদেরা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু মুক্তিযোদ্ধারা থাকবে। আমাদের সন্তানেরা বলবে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু কোনো রাজাকারের সন্তান কখনো তার বাবা রাজাকার ছিল, সেটা বলতে পারবে না। আমাদের সন্তানেরাই স্বাধীনতার পতাকা হাতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধারা সদর উপজেলার ডলুরা শহীদ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আজ শনিবার জেলার দোয়ারাবাজার উপজেলার হকনগরে অবস্থিত বাঁশতলা শহীদ স্মৃতিসৌধে একইভাবে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।