শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে। আর এ জন্য আমরা নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, দক্ষ এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সস্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।’ গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নাবিক কলোনি-২-এ বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নবনির্মিত বিএন স্কুল ও কলেজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমোডর কমান্ডিং চট্টগ্রাম, কমোডর মো. নিজাম উদ্দিন আহমেদ, বিএন স্কুল ও কলেজের অধ্যক্ষ শায়লা পারভীন। শিক্ষামন্ত্রী নবনির্মিত স্কুলের কার্যক্রম প্রসঙ্গে বলেন, এই প্রতিষ্ঠানে শুধু নৌবাহিনী পরিবারের সদস্যরাই পড়বে না, এখানে পড়ার সুযোগ পাবে চট্টগ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরাও। এর মাধ্যমে সবার জন্য একটা ভালো সুযোগ তৈরি হলো।নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে এই স্কুলে শিশু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ কার্যক্রম চালু করেছি। ২০১৪ সালের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কার্যক্রম চালু করা যাবে বলে আশা করছি।’ শিক্ষামন্ত্রী এর আগে অটিস্টিক শিশুদের জন্য প্রতিষ্ঠিত আশার আলো স্কুল ও পুনর্বাসনকেন্দ্র পরিদর্শন করেন।