শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজকে পাল্টে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে আরেকবার জেগে উঠতে হবে। গতকাল শনিবার সিলেটের বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষক সমিতির নেতাদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বুরহান উদ্দিন। এতে বক্তৃতা দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সরকার ও জনগণের চিন্তার সমন্বয় হলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব, না হলে দুষ্টচক্রের মধ্যে আবারও ঘুরপাক খেতে হবে।’অভিষেক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা ও তাঁর সম্মানে বিয়ানীবাজার নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।