নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করে গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ইতিহাস চর্চাকে অবহেলা করা হয়েছে। পঁচাত্তর থেকে ইতিহাস বিকৃত করে স্থূল মিথ্যার ওপর দাঁড়িয়ে মনগড়া কাহিনি প্রচার করা হয়েছে। অস্ত্রযুদ্ধে পরাজয়ের গ্লানি নিয়ে বসে থাকেনি শত্রুপক্ষ। চেতনার যাত্রাপথ রুখে দিতে তারা বঙ্গবন্ধুকে হত্যা করে। তাঁর শরীরের বিনাশ হয়েছে, কিন্তু চেতনার বিনাশ হয়নি। বর্তমান সরকারের আমলে জাতির কপাল থেকে কালিমার চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা চলছে।বাংলাদেশ ইতিহাস সমিতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার বক্তারা এসব কথা বলেন। তাঁরা নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করে গড়ে তোলার আহ্বান জানান। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এ সেমিনার হয়।সেমিনারে ১০টি অধিবেশনের মধ্যে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি এনামুল হক খান। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন, ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি মো. আলী চৌধুরী।দ্বিতীয় অধিবেশনে ছিল মাস্টারদা সূর্য সেন স্মারক বক্তৃতা। এতে ‘স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সূর্য সেন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কলকাতা ইনস্টিটিউট অব হিস্টরিক্যাল স্টাডিজের পরিচালক চিত্তব্রত পালিত।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিনের সভাপতিত্বে এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। তিনি বলেন, যুব বিদ্রোহ শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি অস্ত্রাগার লুণ্ঠন শব্দের বিরোধিতা করে বলেন, বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুট করতে নয়, স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে অস্ত্র সংগ্রহ করতে গিয়েছিলেন।দিনব্যাপী সেমিনারে ১০টি অধিবেশনে বিভিন্ন বিষয়ে ৬০টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে ইতিহাসবিদ ও গবেষকেরা উপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকালে নগরের আসকার দীঘির পাড়ে চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।