শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলা এ সরকারের লক্ষ্য। গতকাল শুক্রবার সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাঘবাড়ি মডেল উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এতে সভাপতিত্ব করেন চারখাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমা চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল খালিক।বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান আবদুল খালিক মায়নের শোকসভায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে তিনি সকালে আলীনগর ও চারখাই ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। সন্ধ্যায় উপজেলা কনফারেন্স হলে স্থানীয় সুধী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।