নতুন প্রজন্মকে জাদুঘর পরিদর্শনের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে গভীরভাবে জানার জন্য জাদুঘর পরিদর্শন করতে বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন প্রজন্ম জাদুঘর পরিদর্শন করে অতীত সম্পর্কে জানতে পারবে এবং তাদের হূদয়ে দেশাত্মবোধ উজ্জীবিত হবে। খবর বাসসের।গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরে বিশ্ব জাদুঘর দিবস-২০১২ উপলক্ষে জাতীয় কর্মসূচির উদ্বোধনকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।রাষ্ট্রপতি বলেন, অতীতের সঙ্গে বর্তমানের এবং বর্তমানের সঙ্গে ভবিষ্যতের যোগসূত্র স্থাপন করে জাদুঘর। জাতির মনন, চিন্তা-চেতনা, চিত্তবৃত্তি চর্চার পাশাপাশি জাদুঘর জাতির আত্মপরিচয়ের সূত্র অনুসন্ধানে সাহায্য করে। তাই জাদুঘর সভ্যতার প্রতীক, অগ্রগতির স্মারক।এ বছর আন্তর্জাতিক জাদুঘর পরিষদ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তিত বিশ্বে জাদুঘর: নতুন চ্যালেঞ্জ, নতুন প্রেরণা’।অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি জাদুঘরে নতুন করে স্থাপিত লাইট ও সাউন্ড শোর উদ্বোধন করেন এবং বায়ান্নর মহান ভাষাসংগ্রামকে কেন্দ্র করে ১৯৪৮ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ওপর একটি শো প্রত্যক্ষ করেন।