নতুন প্রজন্মকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে সরকারের পাশাপাশি কাজ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার ঝিনাইদহ ক্যাডেট কলেজের ১২তম পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ এবং অচিরেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। নতুন প্রজন্মই দেশকে উন্নয়ন ও অগ্রগতির শিখরে নিয়ে যাবে। ক্যাডেট কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, দেশ নতুন প্রজন্মের দিকে এ আশা নিয়ে তাকিয়ে আছে যে তারা দেশের উন্নয়নে এগিয়ে আসবে।
দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই ক্যাডেট কলেজ ইতিমধ্যে গৌরবময় ৫২টি বছর অতিক্রান্ত করেছে।
ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি এস কে মারুফ হাসান ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো. সাদিকুল বারী অনুষ্ঠানে বক্তব্য দেন। রাষ্ট্রপতি এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি জলপাইগাছের চারা রোপণ করেন।