
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন করে সবার জন্য আধুনিক মানসম্মত যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই সরকার প্রচলিত ও গতানুগতিক শিক্ষাব্যবস্থার মৌলিক পরিবর্তন করে গুণগতভাবে নতুন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে।
গতকাল সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যদানকালে এসব কথা বলেন।
রেজিস্ট্রার মো. মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী। এ ছাড়া সমাবর্তন বক্তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের বক্তব্য পড়ে শোনান ডিন মো. আবুল হোসেন।
সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক বিকাশ বিদ্যমান বিশ্বব্যবস্থায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করে তুলছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে।
ডিগ্রি প্রদান: সমাবর্তন অনুষ্ঠানে চারটি বিভাগের ৭১২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে ১১ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদকও দেওয়া হয়। তাঁরা হলেন: নাসরীন আক্তার, রিফাত আরা হোসেন, প্রিয়াংকা রানী মজুমদার, শুভাগত মণ্ডল, তানিয়া ফারহানা, সুকান্ত ভৌমিক, শোভন ভট্টাচার্য্য, সুজিত চন্দ্র পাল, মু. হাসনাত রিয়াজ, শুভ ভৌমিক, এ এইচ এম মেজবাহ উদ্দীন।
শিক্ষক ও সাংবাদিকদের ক্ষোভ: সমাবর্তন অনুষ্ঠানের ব্যবস্থাপনায় নানা অসংগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও সাংবাদিকেরা। অনুষ্ঠান শুরু হওয়ার পর মিলনায়তনের ভেতরে বসার জায়গা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ১৪-১৫ জন শিক্ষক ও সাংবাদিকদের অনেকেই দাঁড়িয়ে থাকেন। একপর্যায়ে শিক্ষকেরা মিলনায়তন ত্যাগ করেন। তাঁরা এ জন্য অনুষ্ঠানের আয়োজনে অব্যবস্থাপনাকে দায়ী করেন।