নতুন প্রজন্মকে বইমুখী করা গেলে চিন্তাশীল সমাজ সৃষ্টি করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডিসি হিলে বঙ্গবন্ধু বইমেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসব শুরু হয়েছে। বেলুন ও পায়রা উড়িয়ে গতকাল বুধবার বিকেলে ১২ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু বইমেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসব পরিষদের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

মেয়র বলেন, ‘বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই উচ্চতাকে হিমালয়সম শিখরে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, সৃজনশীল বই শুদ্ধ মননের আয়না। নতুন প্রজন্মকে বইমুখী করা গেলে চিন্তাশীল সমাজ সৃষ্টি করা যাবে। নতুন প্রজন্মকে বাঙালি জাতিসত্তার প্রকৃত ইতিহাস জানাতে হবে। এ জন্য বই পড়ার বিকল্প নেই। তারা যেন বিপথগামী না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

কথাসাহি​িত্যক সেলিনা হোসেন বলেন, ১৯৬৬ সালে লালদীঘির ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম প্রকাশ্যে ৬ দফা মুক্তিসনদ ঘোষণা করেছিলেন। এই চট্টগ্রাম থেকেই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। তিনি বলেন, তরুণ প্রজন্ম বইবিমুখ। তাদের মস্তিষ্ক কম্পিউটার ভাইরাসে সীমাবদ্ধ। তাদের কল্পনাশক্তি হ্রাস পেয়েছে। এ থেকে উত্তরণের উপায় সবাইকে ভাবতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু বইমেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্‌যাপন পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ। অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈমুদ্দিন চৌধুরী।

বঙ্গবন্ধু বইমেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন পরিষদের প্রধান সমন্বয়কারী সংস্কৃতিকর্মী খোরশেদ আলম। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের কার্যকরী মহাসচিব সুমন দেবনাথ। মেলায় ঢাকা ও চট্টগ্রামের ৪৫টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।