নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে হবে

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, নতুন প্রজন্ম যেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করে, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি এবং যত মানুষ বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের সবার প্রতি ঋণ স্বীকার করা সম্ভব হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে একক বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান এ আহ্বান জানান।
ড. আনিসুজ্জামান বলেন, ১৯৭১ সালে সবাই বঙ্গবন্ধুর কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেছিল। আগামী দিনেও তাঁর কর্মময় জীবন ও আদর্শ থেকে মানুষ প্রেরণা লাভ করবে। আজকের দিনে বঙ্গবন্ধুকে জানার প্রয়োজন আছে। বিশেষ করে নতুন প্রজন্মের বঙ্গবন্ধুকে জানা খুব বেশি প্রয়োজন। কেননা এত বেশি ইতিহাস বিকৃত হয়েছে যে, বঙ্গবন্ধু কী অর্জন করেছিলেন, তিনি কী ছিলেন, এটি অনেক সময় আড়ালে চলে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দেশে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে বঙ্গবন্ধুকে জানার, উপলব্ধি করার সুযোগ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কাছে এই আহ্বান থাকবে, তারা যেন বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করে। নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নাম এ দেশ থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। পারা যায়নি। বঙ্গবন্ধু এমনই এক মানুষ, যিনি আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ অর্জন করেছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধকালে বাউল তোরাব আলী সাঁই রচিত গীত বঙ্গবন্ধু-বন্দনা গান অবলম্বনে নির্মিত তথ্যচিত্র ‘সত্য যুগের সত্যরাজা’ প্রদর্শন করা হয়। পরে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী সূচনা বক্তব্য দেন। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে পাঠ ও আবৃত্তি করেন। অনুষ্ঠান শেষে জাদুঘর চত্বরে ‘মহৎ অর্জন সম্ভব মহৎ আত্মদানের বিনিময়ে’ শীর্ষক একটি চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।