নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর মতো সাহসী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়।

সিলেট নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গতকাল সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর ছাত্রলীগ। পরে সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটেন। এ ছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী। বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। বক্তারা বলেন, এই প্রজন্মের শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর মতো সাহসী ও আপসহীন চারিত্রিক দৃঢ়তার অধিকারী হতে হবে।

কুমিল্লা টাউন হলের মুক্তমঞ্চে বিকেলে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। জেলার দাউদকান্দিতে সকাল ১০টায় গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক শাহ আলম, আয়ুব আলী ও শাহনেওয়াজ হক।

চাঁদপুরে জেলা পরিষদের আয়োজনে ১৭ মার্চের প্রথম প্রহরে চাঁদপুর সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার প্রমুখ। সকালে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।

হবিগঞ্জে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সদর আসনের সাংসদ মো. আবু জাহিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী পাঠান ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম।

সুনামগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদ, পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ, সিভিল সার্জন আশুতোষ দাশ প্রমুখ। এ ছাড়া ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হয়। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও বাঞ্ছারামপুর এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।   

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা; সুনামগঞ্জ অফিস এবং সিলেট, চাঁদপুর, হবিগঞ্জ, দাউদকান্দি (কুমিল্লা), ধরমপাশা (সুনামগঞ্জ), কসবা (ব্রাহ্মণবাড়িয়া), বাঞ্ছারামপুর ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি]