নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ছাড়া আমাদের জীবন পূর্ণতা পায় না। দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান মানুষকে এগিয়ে নেয়। এ জন্য নতুন প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক বিজ্ঞানচর্চা নয়, হতে হবে বিজ্ঞানমনস্ক। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব উদ্বোধন করে এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয় সকাল নয়টায়। উৎসবে চার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে অংশ নেয়। প্রদর্শনীতে ৪২টি প্রকল্প স্থান পায়।
উদ্বোধনের পর তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক—এই তিনটি পর্বে বিভক্ত হয়ে ৩০ মিনিটের কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। পরীক্ষা শেষে মিলনায়তনের মাঠে চলে বিজ্ঞান প্রকল্প প্রদর্শন।
বেলা দেড়টায় শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণপর্ব। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিজ্ঞানী আবেদ চৌধুরী, সিটি ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল হোসাইন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান ও সুব্রত কুমার দাস ও সরকারি আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী ও বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসান। সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা।