নতুন প্রজন্মকে ভুল শিক্ষা দিয়ে বিপথগামী করা হচ্ছে। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর কোনো ফাইজুল্লাহ ফাহিম যেন জঙ্গি হয়ে না উঠতে পারে, সে জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ।
আজ রোববার বেলা ১১টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। গুপ্তহত্যা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এ কর্মসূচি পালন করে পেশাজীবী সমন্বয় পরিষদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি এফ এম মেজবাহউদ্দিন।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ইসলাম মানবতার ধর্ম। ধর্মের নামে, ইসলামের নামে অমানবিকতা, অধর্ম করা হচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধেও এমনটা ঘটেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে বিপথগামী করা হচ্ছে। ফাহিম তার বাবাকে পরীক্ষা দিতে যাওয়ার কথা বলে তার শিক্ষকতুল্য একজনকে হামলা করে। এর চেয়ে নিকৃষ্ট ঘটনা আর হতে পারে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, দেশ যে মুহূর্তে উন্নয়নের মহাসড়কে, তখন জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের মানুষকে এক হতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, জঙ্গিবাদের নামে জামায়াত-শিবির ‘টার্গেট কিলিং’ করছে। যারা গণতন্ত্র, অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তাদের হত্যা করা হচ্ছে। বাংলাদেশে তথাকথিত ইসলামি দলগুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামাতের প্রেতাত্মারা বেছে বেছে আক্রমণ চালাচ্ছে। তাদের লক্ষ্য দেশের অগ্রযাত্রায় বাধা দেওয়া।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী চৌধুরী মানিক, মোতাহার হোসেন, সরদার মোহাম্মদ আকিল আহমেদ ফারুকী, হাবিবুর রহমান, মাহমুদ হাসান, কামরুজ্জামান, অধ্যাপক মিজানুর রহমান, নজরুল ইসলাম, আসাদুল হক, আবদুল আলীম মিয়া প্রমুখ।