নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আধুনিক বাংলাদেশ গড়ার নির্মাতা হবে আজকের ছাত্রসমাজ। ভাষা আন্দোলন ও দেশ স্বাধীন করতে ছাত্রসমাজই মূল ভূমিকায় কাজ করেছে। তাই আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষার সঙ্গে সংগতি রেখে গড়ে তুলতে হবে।’শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষকদের এখন বোর্ড অফিসে দৌড়াতে হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানে বসেই ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি, নিবন্ধন, ফরম পূরণ করতে পারেন। ৪০ বছরেও কেউ শিক্ষানীতি দিতে পারেনি, আমরা একটি যুগোপযোগী শিক্ষানীতি চালু করেছি।’গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর বিমানবাহিনী ঘাঁটিতে বিএএফ শাহীন কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ ওই সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী, পাহাড়কাঞ্চনপুর বিমানবাহিনী ঘাঁটির অধিনায়ক ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এয়ার কমোডর সাইফ সিদ্দিকী, টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার প্রমুখ। এর আগে শিক্ষামন্ত্রী বিমানবাহিনী ঘাঁটির প্রধান ফটকের সামনে সখীপুর আবাসিক মহিলা কলেজের ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ঘাঁটির ভেতরে শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কলেজ চত্বরে বৃক্ষ রোপণ করেন।