নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বানের মধ্য দিয়ে গতকাল শনিবার মহান স্বাধীনতা দিবস উদ্্্যাপিত হয়েছে। এ উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা, রক্তদান, চিত্রাঙ্কন, কুচকাওয়াজ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ হয়। দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।গোপালগঞ্জ: গতকাল সকাল ছয়টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের বেদিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ হয়। প্রথম প্রহরে ১২টা ১ মিনিটের সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মহিলা পরিষদ বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে।ফরিদপুর: সকাল সাতটায় শহীদদের নাম-সংবলিত স্মৃতি বেদিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার প্রমুখ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বরিশাল: খুব ভোরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ছয়টায় নগরের ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, আটটায় বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী এবং সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকাল সাড়ে সাতটায় বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর কার্যালয় থেকে সাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বন্ধুসভার বন্ধুরা। শোভাযাত্রা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।মাগুরা: পঁচিশে মার্চ রাতে প্রথম আলো বন্ধুসভা স্থানীয় সরকারি কলেজ শহীদ মিনারে ভয়াল কালরাতের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করে। গতকাল সকালে কালেক্টরেট মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। দিনের অন্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মাগুরা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, প্রীতি ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা।চুয়াডাঙ্গা: সকাল সাড়ে সাতটায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক ভোলা নাথ দে। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।ঝালকাঠি: রাত ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। মাদারীপুর: সকাল সাতটায় লেকেরপাড় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে মাদারীপুর স্টেডিয়ামে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, বিএনসিসি, বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রী, শিশুসদন এবং বিভিন্ন শিশু সংগঠনের সম্মিলিত কুচকাওয়াজ হয়।পিরোজপুর: সকালে শহরের ভাগীরথী চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন করে।মেহেরপুর: সকালে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন স্কুল কলেজ, প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে মেহেরপুর স্টেডিয়ামে পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়।নড়াইল: সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন ও পুলিশ সুপার এস এম ফজলুর রহমান বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।পটুয়াখালী: সকালে স্মৃতিসৌধ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে সাতটায় স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকালে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি দেন। বগুড়া: জেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে জিলা স্কুল মাঠে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর শহরের ফুলবাড়ীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়েছে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শিক্ষক সমিতিসহ বিভিন্ন ছাত্রসংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।জয়পুরহাট: প্রথম প্রহরে জয়পুরহাট শহরে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে স্মৃতিসৌধে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য দেয়। শিশু একাডেমীর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।পঞ্চগড়: প্রথম প্রহরে স্থানীয় সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক বনমালী ভৌমিক ও পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সংসদ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পর বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য দেয়।রাজশাহী: প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নেতারাসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানান। সকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরে শোভাযাত্রা বের করা হয়। ভুবন মোহন পার্ক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। রাজশাহী কলেজ শহীদ মিনারে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড শ্রদ্ধা নিবেদন করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনার ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী, শহীদদের পরিবার এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিরাজগঞ্জ: রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন কালেক্টরেট চত্বরের মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দেয়। সকালে স্থানীয় শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ।কুড়িগ্রাম: রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেন সাংসদ মো. জাফর আলী ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এরপর বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়া সকালে স্থানীয় স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং মসজিদ-মন্দিরে প্রার্থনা করা হয়।নীলফামারী: প্রথম প্রহরে স্থানীয় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন ফুল দেয়। সকালে স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ হয়।পাবনা: মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনার পাদদেশে সাংসদ গোলাম ফারুক খোন্দকার, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন ফুল দেয়।সিলেট: উন্মুক্ত মাঠের মধ্যখানে সভামঞ্চ। লাঠিসোঁটা হাতে সাধারণ জনতার অবস্থান সভামঞ্চ ঘিরে। ‘এবারের সংগ্রাম...’ বলে বজ্রকণ্ঠে আওয়াজ তুলল সভামঞ্চে থাকা খুদে শিক্ষার্থী। চোখে ভারী ফ্রেমের চশমা আর মুজিব কোর্ট পরনের ওই খুদে শিক্ষার্থীর কণ্ঠ থেকে উচ্চকিত হয় স্বাধীনতার ঘোষণা। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ আর স্বাধীনতাকামী জনতার বাঁধভাঙা উপস্থিতির প্রতীকী উপস্থাপন করে সিলেটের একটি শিশু শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সকালে সিলেট স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ওই দৃশ্য ফুটিয়ে তোলে। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মনোমুগ্ধকর শরীরচর্চা প্রদর্শনী, কুচকাওয়াজ ও নানা পরিবেশনা হাজারও মানুষ উপভোগ করে। বিকেলে মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া হয় সংবর্ধনা। এ ছাড়া স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। মৌলভীবাজার: রাত ১২টা এক মিনিটে সেক্টরস কমান্ডার্স ফোরামের উদ্যোগে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর একে একে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকালে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে। পরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সাইফুর রহমান মিলনায়তনে ও পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের পৃথক দুটি সংবর্ধনা দেওয়া হয়।শ্রীমঙ্গল (মৌলভীবাজার): গতকাল শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পসংলগ্ন উপজেলার সবচেয়ে বড় ‘সাধুবাবার থলি বধ্যভূমিতে’ তৈরি স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। স্বাধীনতার ৪০ বছর পর বিজিবির ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল হুদার উদ্যোগে এবং বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষের অর্থ ও শ্রম-সহায়তায় বধ্যভূমি ’৭১ নামের এ স্মৃতিসৌধ কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। টাঙ্গাইল: মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৫ মার্চ কালরাতে টাঙ্গাইলে আলোর মিছিল করে প্রথম আলো বন্ধুসভা। মিছিলের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক ফজলুর রহমান খান। পরে মিছিলটি জেলা সদরের পানির ট্যাংকের পাশে ’৭১-এর বধ্যভূমিতে আলোক প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে বধ্যভূমির সামনে আলোচনা সভা হয়। শেরপুর: গতকাল সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা, পুলিশ, স্কাউট, গার্লস গাইড এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল থেকে শহরের ওসমানী স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ হয়। নারায়ণগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের আলাউদ্দিন খান স্টেডিয়ামে হয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট চাষাঢ়ায় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ সর্বত্র যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে।