অসাম্প্রদায়িক, সম-অধিকারভিত্তিক ও অপরাজনীতিমুক্ত বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে ‘সৎ উত্তরাধিকারী’ হতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসনির্ভর সংস্কৃতিচর্চার পাশাপাশি রাজনীতিতে প্রযুক্তি-ভাবনা যুক্ত করতে হবে। এ জন্য একমুখী শিক্ষার আওতায় আধুনিক প্রযুক্তি জ্ঞানে জাতিকে শিক্ষিত করতে শিক্ষার বহুমুখী সংস্কার প্রয়োজন।
আজ মঙ্গলবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
‘বিজয়কে অর্থবহ ও সার্থক্য করতে অপরাজনীতির পরিবর্তে—উন্নয়ন ও প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতি প্রবর্তন’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের মধ্য দিয়ে এবারের বিজয় দিবস ছিল অর্থবহ। এভাবেই সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত অন্য যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, অগণতান্ত্রিক শক্তির উত্থান রোধে সঠিক ইতিহাস রাজনৈতিক সংস্কৃতিতে স্থান করে দিতে হবে। নতুন প্রজন্মকেই এগিয়ে নিতে হবে আধুনিক প্রযুক্তি মিশ্রিত স্বাধীনতা-উত্তর বাংলাদেশকে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, রাজনীতির মধ্যে সংস্কৃতি ও সংস্কৃতির মধ্যে রাজনীতি না মিললে সেটি অপরাজনীতি হয়ে যায়। যেভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি ব্যবসার মধ্যে দিয়ে রাজনীতিবিদদের দেখা মিলছে, তাতে করে দেশকে অপরাজনীতিমুক্ত করতে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরোয়ার আলী বলেন, বিরোধী দল ‘প্রক্সি ওয়ার’ চালু করেছে। ফলে আন্দোলনের চেহারা বদলে গেছে। আগে বিশেষ দাবিতে আন্দোলনকারীরা পুলিশের গুলিতে মরত। এখন সন্ত্রাসীদের বোমার সাধারণ মানুষ মরে। এটিকে কোনোভাবেই আন্দোলন বলা যাবে না। এটি সন্ত্রাসী কার্যক্রম।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, অপরাজনীতির সুযোগে একাত্তরের পরাজিত শক্তি সমাজে মিশে সমাজকে বিভক্ত করছে। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে। পরাজিত শক্তি ও তাদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য দেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান। তিনি প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতি প্রবর্তনের মাধ্যমে গণমানুষের কল্যাণে প্রযুক্তি ব্যবহার সুনিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতিতে প্রযুক্তি সংস্কৃতি চালু হলে প্রযুক্তির অপব্যবহার রোধসহ অপরাজনীতির সংস্কৃতি বন্ধ হয়ে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মিত হবে।