শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না। নতুন প্রজন্মকে চরিত্রবান ও সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজে এখন সৎ ও চরিত্রবান মানুষের বড় অভাব।মুন্সিগঞ্জ স্টেডিয়ামে গতকাল শনিবার সন্ধ্যায় আয়োজিত ‘শিক্ষা মহাসমাবেশ’-এ প্রধান অতিথির বক্তৃতায় নতুন প্রজন্মের উদ্দেশে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মুন্সিগঞ্জ-বিক্রমপুর শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে এ মহাসমাবেশে জেলার স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক অংশ নেন।শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘সরকারের কাছে যা টাকা আছে, মানুষের কাছে তার চেয়ে বেশি টাকা আছে। অনেক কাজ আমাদেরই করতে হবে। শিক্ষা হচ্ছে আলো। সেই আলো দেশে জ্বালাতে হবে।’জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন, প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মমতাজ বেগম, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।