শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমাদেরকে এগিয়ে যেতে হলে নতুন প্রজন্মকে নিয়ে “অগ্রবাহিনী শক্তি” গঠন করতে হবে। এই শক্তি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে।’
গতকাল শনিবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘জেলা প্রশাসক সমঞ্চাননা পুরস্কার ২০১৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। প্রচলিত ও গতানুগতিক শিক্ষা পরিহার করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আমাদের পিছিয়ে যেতে হবে। আমাদের উন্নত বাংলাদেশ গঠন করতে হবে। দুনিয়ার বুকে উন্নত জাতি, মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ সাগুফতা ইয়াসমিন ও মৃণাল কান্তি দাস, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সমাজকল্যাণসচিব নাসিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সাগরিকা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষক, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে অংশ নেন।
জেলা প্রশাসক শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত গতকালের অনুষ্ঠানে রত্নগর্ভা ‘মা’, জেলার বিভিন্ন উপজেলার সেরা প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষক, সেরা ইউনিয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেরা উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক কর্মকর্তাসহ মোট ১৪টি শ্রেণীতে সমঞ্চাননা দেওয়া হয়।