বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘নতুন প্রজন্মকেই সোনার বাংলা গড়তে হবে। আপনারাই পারবেন এ দেশকে সোনার বাংলায় পরিণত করতে। একে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আপনাদের।’
রাষ্ট্রদূত মজীনা গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে বাঁশখালী গার্লস কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
খান বাহাদুর ফাউন্ডেশন পরিচালিত কলেজের সভাপতি এবং সাবেক সাংসদ ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
অতিথি হিসেবে বক্তব্য দেন খান বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা তাঁর বক্তব্যে আরও বলেন, ‘নারী-পুরুষ, জাতি-ধর্মনির্বিশেষে সবাই একসঙ্গে এগিয়ে এলে বাংলাদেশ ভবিষ্যতে এশিয়ান টাইগার হবে। এশিয়ান টাইগার বলতে আমি বুঝি, প্রত্যেকের ভালো বাসস্থানের সুযোগ পাওয়া, পর্যাপ্ত পরিমাণে পুষ্টির ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং গুণগত শিক্ষার সুযোগ তৈরি হওয়া।’