নতুন প্রজন্মের ইনসুলিন আনল নভো নরডিস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভো নরডিস্কের নতুন প্রজন্মের ইনসুলিন রাইজোডেগের বাজারজাতকরণ উপলক্ষে গতকাল ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নভো নরডিস্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাজিয়ার মাইক দৌস্তদার l ছবি: প্রথম আলো
নভো নরডিস্কের নতুন প্রজন্মের ইনসুলিন রাইজোডেগের বাজারজাতকরণ উপলক্ষে গতকাল ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নভো নরডিস্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাজিয়ার মাইক দৌস্তদার l ছবি: প্রথম আলো

ডেনমার্কের বহুজাতিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক ডায়াবেটিসের রোগীদের জন্য বাংলাদেশে নিয়ে এল তৃতীয় প্রজন্মের ইনসুলিন রাইজোডেগ।
এ দেশে ইনসুলিনটির বাজারজাতকরণ উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকায় দ্য ডেইলি স্টার ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, দেশের বাজারে ইনসুলিনটির দাম পড়বে ১ হাজার ৮৯৫ টাকা। একটি রাইজোডেগে ৩০০ ইউনিট পরিমাণ ইনসুলিন রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেগলুডেক ও এসপার্ট নামের দুটি আলাদা ইনসুলিনের সমন্বিত রূপ হলো রাইজোডেগ। এতে ডেগলুডেক ও এসপার্টের অনুপাত যথাক্রমে ৭০ ও ৩০। এটি দীর্ঘসময় কার্যকর ব্যাসেল ইনসুলিন ও খাবারের সঙ্গে গ্রহণের উপযোগী ইনসুলিনের সমন্বিত রূপ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হানা ফুগল এসকোয়ার, নভো নরডিস্কের ইন্টারন্যাশনাল অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাজিয়ার মাইক দৌস্তদার, দক্ষিণ-পূর্ব এশিয়ার করপোরেট ভাইস প্রেসিডেন্ট ক্যামিলা সিলভেস্ট, নভো নরডিস্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার প্রমুখ।
মাজিয়ার মাইক দৌস্তদার বলেন, ‘বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষের ডায়াবেটিস রয়েছে। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে উন্নতমানের ইনসুলিন সরবরাহ করা; যা স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের চাহিদা ও বাধা অতিক্রম করতে সহায়ক হবে।’
রাষ্ট্রদূত হানা ফুগল এসকোয়ার বলেন, গুঁড়া দুধের পর ডেনমার্ক থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি হয় ইনসুলিন। ইনসুলিনের এ রপ্তানিতে নভো নরডিস্ক অনেক দিন থেকেই নেতৃত্ব দিয়ে আসছে।
ক্যামিলা সিলভেস্ট বলেন, ৯০ বছরের বেশি সময় ধরে রোগীদের চাহিদা অনুযায়ী নভো নরডিস্ক এমন সব নতুন ইনসুলিন তৈরি করছে, যা ডায়াবেটিস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশে নভো নরডিস্ক ইনসুলিনের একমাত্র আমদানিকারক ও পরিবেশক ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে নভো নরডিস্কের ইনসুলিন আমদানি করছে।
দেশীয় ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশের কারখানায় নভো নরডিস্কের ‘হিউম্যান ইনসুলিন ভায়াল’ তৈরি করা হয়। তবে সব ইনসুলিন কলম নভো নরডিস্কের ফ্রান্স ও ডেনমার্কের কারখানা থেকে সরাসরি আমদানি করা হয়।
সংবাদ সম্মেলনে ইনসুলিনটি ব্যবহারের সুবিধা তুলে ধরা হয়। বলা হয়, অন্যান্য ইনসুলিন ব্যবহারে যে পরিমাণ ইনজেকশন নিতে হয়, রাইজোডেগ ব্যবহারে তার অর্ধেকের কম ইনজেকশন নিতে হবে। এ ধরনের ইনসুলিন এখন পর্যন্ত বিশ্বের আর কোনো ওষুধ কোম্পানি তৈরি করতে পারেনি বলে দাবি করা হয় অনুষ্ঠানে।