বহরে নতুন প্রজন্মের চারটি উড়োজাহাজ (বোয়িং ৭৭৭-৩০০ ইআর) যুক্ত হওয়ার পরও লোকসানে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে এখনো প্রায় ৩০ শতাংশ ফ্লাইট সময়সূচি মেনে উড়তে পারছে না।
গতকাল মঙ্গলবার বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিমানের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বিমানের লোকসান হয়েছে ১৯১ কোটি ৫৮ লাখ ৫২ হাজার ২৯৭ টাকা। আর আগে ২০১১-১২ অর্থবছরে লোকসান ছিল ৫৯৪ কোটি ২১ লাখ ১৫ হাজার ২৮৫ টাকা। সর্বশেষ ২০১৩-১৪ অর্থবছরের হিসাব উপস্থাপন করা হয়নি।
বৈঠকে সংসদীয় কমিটি বিমানকে লোকসানি গন্তব্য বাদ দিয়ে লাভজনক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে সুপারিশ করেছে। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, বিমান জানিয়েছে, আগের তুলনায় তাদের লোকসান অনেক কমেছে। ২০১৬ সালের মধ্যে বিমান লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা মনে করছে। এ ছাড়া আগামীজানুয়ারির মধ্যে বিমানের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা চালু এবং অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চালু শুরু করা হবে বলেও কমিটিকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়সূচি মেনে বিমানের ফ্লাইট পরিচালনার গড় হার ৭১ দশমিক ১ শতাংশ। বাকি ২৯ দশমিক ৯ শতাংশ ফ্লাইট সময়সূচি অনুযায়ী ছাড়া সম্ভব হয়নি। তবে জুলাইয়ে সময় মেনে ফ্লাইট চলার হার বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৭৬ শতাংশ। পরের মাসে তা নেমে আসে ৬০ দশমিক ৩ শতাংশে।
এ ছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত আট মাসে বাংলাদেশ বিমান ১১ লাখ ৯৪ হাজার ৫১৪ জন যাত্রী পরিবহন করেছে। একই সময়ে ঢাকা থেকে বিদেশি বিমান সংস্থাগুলো ঢাকায় যাত্রী আনা-নেওয়া করেছে ২৬ লাখ ৪১ হাজার ৩৭৬ জন। এর আগে ২০১৩ সালে বাংলাদেশ বিমান ১১ লাখ ৮৭ হাজার ৩৩২ জন আর বিদেশি বিমান সংস্থাগুলো ৩৪ লাখ ৭৩ হাজার ৬৩৪ জন যাত্রী পরিবহন করে।
ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় বৈঠকে কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান, সাবিহা নাহার বেগমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।