নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার জাতির বৃহত্তর স্বার্থে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের জন্য আয়োজিত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারের হত্যার পর দেশে একাধিকবার সামরিক আইন জারি ও ক্ষমতা দখলের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মহোত্সব শুরু হয়েছিল। ফলে আমাদের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেনি।’ তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষাবিদ ও অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। অধ্যাপক এফ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সিদ্দিকুর রহমান, সাংসদ মেহের আফরোজ প্রমুখ। ২০০৬, ২০০৮, ২০০৯, ২০১০ এই চার বছরের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিল তারা আমাকে দেশে আসতে দেয়নি। পরবর্তীতে ৮১ সালে আমি যখন দেশে ফিরে আসি জেনারেল জিয়াউর রহমান আমাকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেননি। আমি রাস্তায় মিলাদ পড়েছি। পরে বিচারপতি সাত্তার সরকার আমাকে ধানমন্ডির বাড়িটি বুঝিয়ে দেন। যখন আমি বাড়িটি বুঝে পাই তখন এটি ছিল বিধ্বস্ত। খুনীরা শুধু আমার বাবা, মা, ভাইকে হত্যা করেনি তারা বাড়িটির সবকিছু লুট করে নিয়ে গিয়েছিল।প্রধানমন্ত্রী শিশুদের উন্নত জীবন গড়ে তোলার লক্ষ্যে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের অবশ্যই শিক্ষা-দীক্ষায় যোগ্য করে ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এখান থেকে প্রতিবছর এক হাজার থেকে এক হাজার ২০০ ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান ছাড়াও বিভিন্নভাবে মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমনকি অসচ্ছলদের কাউকে কাউকে ট্রাস্টে চাকরি দেওয়া হয়েছে। অনেক মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত ৪২ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।শেখ হাসিনা শিশুদের কল্যাণে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ বন্ধ করা হয়েছে। তিনি বলেন, তাঁর সরকার প্রতিবন্ধী শিশুদের সুন্দর জীবন গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী শিশুরা যাতে লেখাপড়া শিখে যোগ্য হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, সে জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিও তিনি এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নগরের মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশ্রামাগারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের ফলমূলসহ ইফতারসামগ্রী বিতরণ করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল এবং সহকারী একান্ত সচিব খায়রুল ইসলাম ও সাইফুজ্জামান গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ইফতারসামগ্রী বিতরণ করেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে গোলাম মোস্তফা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর ইফতারসামগ্রী গ্রহণ করেন। বাসস।