নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরুন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি জিল্লুর রহমান নতুন প্রজন্মের কাছে দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ইতিহাসবিদ, মুক্তিযোদ্ধা, লেখক ও সুশীল সমাজের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি গতকাল রোববার আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধের স্মৃতি মিলনায়তনে আগরতলা ষড়যন্ত্র মামলার ৪৩তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান প্রজন্মের সামনে বিকৃত ও খণ্ডিত ইতিহাস উপস্থাপিত হওয়ায় তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। নতুন প্রজন্ম যথাযথভাবে স্বাধীনতার দীর্ঘ সংগ্রামের ইতিহাস জানে না। তাদের সামনে সঠিক ইতিহাস উপস্থাপন করা আমাদের দায়িত্ব।’ঐতিহাসিক আগরতলা মামলা মূল্যায়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে জিল্লুর রহমান আরও বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল একটি মিথ্যা মামলা। ভারতের সঙ্গে যোগসাজশে পাকিস্তানের স্থিতিশীলতা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯৬৮ সালে তদানীন্তন পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্য ৩৪ জনের বিরুদ্ধে এই মামলা করে। কাগজপত্রে এ মামলার নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। কিন্তু এটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবেই সবার কাছে পরিচিতি পায়।দেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলার গুরুত্ব ও তাৎপর্য বহুমাত্রিক উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, এই মামলার ফলে দেশব্যাপী গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। গণ-অভ্যুত্থানের মুখে তদানীন্তন আইয়ুব সরকার ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুসহ এই মামলার অন্য অভিযুক্ত ব্যক্তিদের মুক্তি দিতে বাধ্য হয়েছিল। এর পরদিন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ছাত্র সংগ্রাম পরিষদ এক সংবর্ধনায় শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে।আগরতলা মামলার অন্যতম আসামি ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আবুল কালাম আজাদ এমপি, মামলার অপর আসামি ফ্লাইট সার্জেন্ট (অব.) আবদুল জলিল ও মামলা মূল্যায়ন পরিষদের সদস্য মেরিনা শওকত আলী বক্তৃতা করেন।