নতুন প্রজন্মের জন্য কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের নাট্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধের নাট্য উৎসব। গতকাল রোববার সন্ধ্যায় কুষ্টিয়া বোধন থিয়েটারের কোর্ট মার্শাল নাটকের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের নাটক আয়োজন করায় খুশি দর্শক ও সুধীজনেরা।
এর আগে বিকেল চারটায় শিল্পকলা একাডেমি চত্বরে নাট্য উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। সেখানে ২০১৫ ও ২০১৬ সালের শিল্পকলা সম্মাননায় ১০ জনকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. জহির রায়হান। উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান ও গানের সঙ্গে নাচ পরিবেশন করেন শিল্পীরা।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামে নাট্য উৎসবে কুষ্টিয়া, মেহেরপুর, জামালপুর, ঢাকা ও রাজবাড়ীর নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে।