নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, মানুষ বেশি দিন বীরত্বের বিষয়টি মনে রাখে না। মনে রাখে বেদনার ও কষ্টের কথা। মুক্তিযুদ্ধের সময় এই দেশের মানুষের ওপর কী অত্যাচার-নির্যাতন হয়েছে সে সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। এ জন্য দেশের বিভিন্ন জেলার টর্চার সেল ও গণহত্যার স্থানগুলো চিহ্নিত করতে হবে। আর জেলায় জেলায় গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধ জাদুঘর।

গতকাল বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে একাত্তরের গণহত্যা, নির্যাতন ও গণকবর চিহিৃতকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুনতাসীর মামুন এসব কথা বলেন।

মুনতাসীর মামুন বলেন, ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত কোনো সরকারই মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া গণহত্যা ও নির্যাতনের ইতিহাস নিয়ে জাদুঘর গড়ে তোলেনি। দেশের মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদেরাও কখনো মুক্তিযুদ্ধে গণহত্যার বিষয়টি সেভাবে উল্লেখ করেননি।

ইতিহাসবিদ মুনতাসীর মামুন আরও বলেন, পৃথিবীর যেসব দেশে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব দেশের গণহত্যার বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে। কিন্তু বাংলাদেশের গণহত্যার বিষয়টি মুছে ফেলা হয়েছে। তিনি বলেন, খুলনায় বাংলাদেশের প্রথম গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর উদ্বোধন করা হয়েছে। বাগেরহাটেও এটি করা হবে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন শেখ বাহারুল আলম, হুমাউন কবির, গৌরাঙ্গ নন্দী প্রমুখ।