মানিকগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, ‘দুর্নীতি যে পর্যায়ে এসে পৌঁছেছে, তা এক দিনে হয়নি। লোভ-লালসা আর মূল্যবোধের অভাব থেকেই আমরা ধীরে ধীরে দুর্নীতিতে জড়িয়ে পড়েছি। তাই দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।’গতকাল দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ আ আ আসাদুজ্জামান। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ‘দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম রহমান বলেন, সব প্রতিষ্ঠানেই কম-বেশি দুর্নীতি আছে। আমরা যেখানে বসে সভা করছি, সেখানেও দুর্নীতি আছে।’ সভায় কমিশনের পরিচালক মেজর তৌফিক, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুন্সি শাহাবুদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার মো. মাসুদ করিমসহ জেলা পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।