নতুন প্রজন্মের সামনে বঙ্গমাতার অবদান তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠার জন্য সহায়তা করতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কর্ম ও অবদান তাদের সামনে তুলে ধরা সবার দায়িত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, জাতির জনকের পাশে থেকে বঙ্গমাতা এ দেশের মানুষের মুক্তির লক্ষ্যে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন। বঙ্গবন্ধুর পাশে থেকে এই মহীয়সী নারী জাতি গঠনে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ আয়োজিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক গুলশান আরা লতিফ। এদিকে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহেনা গতকাল বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে নামাজ আদায় করেন। তাঁরা বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে শহীদ সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, বঙ্গমাতা পরিষদ, বঙ্গবন্ধু শিশু একাডেমীসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালন করেছে। বাসস।