‘১৯৭১ সালের অনেক আগে থেকেই মুক্তির সংগ্রাম শুরু হয়। এই যুদ্ধ শেষ হয়নি, প্রজন্ম থেকে প্রজন্মে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আজকের আলোর মশাল নতুন প্রজন্মের হাতে তুলে দিলাম। তারাই আমাদের হয়ে যুদ্ধাপরাধীদের বিচারকাজ এগিয়ে নিয়ে যাবে।’ মুক্তিযুদ্ধের ৪০ বছর ও বরিশাল মুক্ত দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বরিশালে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন। তাঁরা বলেন, ‘মুক্তিযুদ্ধ চলমান, এর চেতনা আরও শাণিত করবে আমাদের সব পেশার মানুষদের। এই চেতনার বার্তা আগামী ৫০, ১০০, হাজার বছর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব তুলে দেওয়া হলো তরুণদের হাতে।’ প্রথম আলো বন্ধুসভা, উদীচী ও বরিশাল নাটকের উদ্যোগে সন্ধ্যায় নগরের আমতলা মোড়ে বিজয় বিহঙ্গের পাদদেশে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় উদীচীর শিল্পীদের জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিজয় সংগীত। মঞ্চস্থ হয় বিশেষ নাটক। মুক্ত আকাশে চারটি তোপধ্বনির মাধ্যমে মুক্তিযোদ্ধারা প্রজ্বালন করেন স্বাধীনতার ৪০ বছরের প্রতীকী হিসেবে ৪০টি মশাল। পরে নতুন প্রজন্মের ৪০ জনের হাতে এই আলোর মশাল তুলে দেন মুক্তিযোদ্ধারা। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলার ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, উদীচী সভাপতি বিশ্বনাথ দাস মুনশী, বরিশাল নাটকের সভাপতি আজমল হোসেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মশাল প্রজ্বালন শেষে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে আলোর মিছিল শেষ করা হয়। মিছিলে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মিছিলটি শহীদ মিনারে পৌঁছালে সেখানে মিছিলকারীদের পুষ্প ছিটিয়ে বরণ করে নেয় বরিশাল সচেতন নাগরিক কমিটি। আলোর মিছিলের সমাপ্তি ঘোষণা করেন মুক্তিযোদ্ধা মানবেন্দ্র বটব্যাল। পরে শহীদ মিনার থেকে বন্দুসভার বন্ধু এবং উদীচী ও বরিশাল নাটকের কর্মীরা আলোর মিছিল নিয়ে প্রথম আলোর বরিশাল কার্যালয়ে আসেন। এর আগে সকালে সরকারি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সরকারের প্রথম সচিবালয় থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।