নতুন প্রজন্মের হাতে পতাকা তুলে দিলেন একাত্তরের বীরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানে  গতকাল বিজয় দিবস উদ্‌যাপন জাতীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে  শপথ নিচ্ছে শিশুসহ  সর্বস্তরের মানুষ l ছবি: প্রথম আলো
সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বিজয় দিবস উদ্‌যাপন জাতীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে শপথ নিচ্ছে শিশুসহ সর্বস্তরের মানুষ l ছবি: প্রথম আলো

সমবেত জনতার উদ্দেশে ঘোষণা, ‘এখন মিত্র বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ দলিলে সই করবেন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান আমির আবদুল্লাহ খান নিয়াজি।’
সঙ্গে সঙ্গে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত মিত্র বাহিনীর প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা, পাকিস্তানি বাহিনীর নিয়াজিসহ কয়েকজন দ্রুত উঠে এলেন আগেই ঠিক করে রাখা টেবিলের সামনে। কিছুক্ষণ দাঁড়িয়ে দুজন বসলেন দুই চেয়ারে। নিয়াজির হাতে তুলে দেওয়া হলো দলিল। সেটি কিছুক্ষণ দেখে মলিন মুখে সই করলেন তিনি। একই সঙ্গে নিজের অস্ত্র সমর্পণ করলেন, স্যালুট জানালেন। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা জয় বাংলা স্লোগান দিলেন। যেন এখনই হানাদারমুক্ত হলো বাংলাদেশ, প্রিয় জন্মভূমি চূড়ান্তভাবে স্বাধীন হলো।
গতকাল মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের কাছে এমন দৃশ্যের অবতারণা হলো। প্রতীকী হলেও ৪৩ বছর আগের সেই দৃশ্যই উপস্থিত সবাই প্রত্যক্ষ করলেন। সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে আয়োজিত পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণ ও মহান মুক্তিযুদ্ধের ৪৪তম বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে আত্মসমর্পণের এই প্রতীকী দৃশ্যে অভিনয় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। আত্মসমর্পণের পরপরই একাত্তরের ৪৩ জন বীর মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের ৪৩ জনের হাতে তুলে দেন প্রিয় জাতীয় পতাকা। নয় মাসের যুদ্ধে অর্জিত প্রিয় দেশকে রক্ষার দায়িত্ব তুলে দেওয়া হয় নতুন প্রজন্মের হাতে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতার অবিকৃত ইতিহাস রক্ষা করা এবং একই সঙ্গে সেই ইতিহাস নতুন প্রজন্মের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।
এরপর দেশাত্মবোধক গান ও মুক্তিযুদ্ধবিষয়ক নৃত্যানুষ্ঠান হয়। তারপর একাত্তরের দুই সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ও আবু ওসমান চৌধুরী হাতে হাত ধরে আসেন মঞ্চে।
কে এম সফিউল্লাহ উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ও এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার কাহিনি শোনান। এরপর প্রতীকী আত্মসমর্পণ এবং পতাকা হস্তান্তর অনুষ্ঠান হয়। শেষে জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে শেষ হয় বিজয় উদ্যাপন অনুষ্ঠান।