নতুন প্রজাতির উচ্চফলনশীল ধান উদ্ভাবনে সহায়তা দেবে ইরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান (ইরি) বাংলাদেশে নতুন নতুন প্রজাতির উচ্চফলনশীল (ইনব্রিড) ও হাইব্রিড ধান উদ্ভাবনে সহায়তা দেবে। ‘গ্রিন সুপার রাইস (জিএসআর) ফর দ্য রিসোর্স-পুওর অব আফ্রিকা অ্যান্ড এশিয়া’ কার্যক্রমের আওতায় প্রতিষ্ঠানটি এই সহায়তা দেবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক স্বল্প পরিসরে এই কাজ সম্প্রতি শুরু করেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইরি আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করে।প্রতিষ্ঠানটি জানায়, সারা বিশ্বের মোট চাষযোগ্য ভূমির সাত শতাংশ আছে চীনের আওতায়। কিন্তু দেশটিতে সার ও কীটনাশক ব্যবহার করা হয় বিশ্বের মোট উৎপাদনের এক-তৃতীয়াংশ। চীনা বিজ্ঞানীরা সম্প্রতি তুলনামূলকভাবে কম সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে বেশি ফলন দেয়, এমন প্রজাতির ধান উৎপাদনে সফলতা পেয়েছেন।তাঁদের এই আবিষ্কার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে খুব দ্রুত ছড়িয়ে দিতে চীন সরকার ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ‘গ্রিন সুপার রাইস (জিএসআর) ফর দ্য রিসোর্স-পুওর অব আফ্রিকা অ্যান্ড এশিয়া’ গ্রহণ করে। এই কার্যক্রমের আওতায় আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের আটটি, দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তিনটি দেশ এবং চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চারটি প্রদেশে নতুন প্রজাতির ধান উদ্ভাবন ও চাষ করা হবে।ইরির আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী জাওহার আলী বলেন, এ কর্মসূচির আওতায় সবচেয়ে জনপ্রিয় ধানের জাতগুলোর সঙ্গে খরা, বন্যা, লবণাক্ততা ও বিভিন্ন রোগসহিষ্ণু জাতের মিলনে নতুন নতুন জাত উদ্ভাবনের চেষ্টা করা হবে। উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশের ব্রি উদ্ভাবিত জনপ্রিয় ধান বিআর-১১-এর সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশি ও বিদেশি জাতের সংমিশ্রণ ঘটানো হতে পারে বলে তিনি জানান। সর্বাধিক উৎপাদন এবং সবচেয়ে কম কৃষি উপকরণের ব্যবহার নিশ্চিত করাই হবে এই কাজের লক্ষ্য।ইরির আবাসিক প্রতিনিধি জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, উচ্চফলনশীল জাত চাষ করে প্রতি হেক্টরে উৎপাদন ১৯৬১ সালের তুলনায় প্রায় তিন টন পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে। কিন্তু যে হারে জনসংখ্যা বাড়ছে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে প্রায় ৩০ কোটি। সেই সঙ্গে আছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, যার প্রভাব এখনই স্পষ্ট। এসব বিবেচনায় নতুন নতুন জাত উদ্ভাবনের দিকে যেতেই হবে।’বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বার্ক) মহাপরিচালক ওয়ায়েস কবীর বলেন, বাংলাদেশকে নতুন ধরনের জাত উদ্ভাবন এবং তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি উদ্যোগী হতে হবে। এরই মধ্যে সরকার বীজ ও প্রযুক্তি ছাড় পেতে এবং প্রসারে যে দীর্ঘ সময় লাগে, তা কমিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা করছে।ইরির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান জানান, দেশে হাইব্রিড ও জেনেটিক্যালি মডিফায়েড শস্য (জিএম ক্রপ) নিয়ে সমালোচনা আছে। কিন্তু এসব সমালোচনা বিজ্ঞানভিত্তিক হতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইরির গবেষক গ্লেন গ্রেগোরিও, ইউ এস সিং, জে কে লাধা ও রোল্যান্ড বুরেশ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্রির অন্যতম মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খায়রুল বাশার।উল্লেখ্য, বাংলাদেশে ইরির সহযোগিতায় ব্রি যে হাইব্রিড ধান উদ্ভাবনের গবেষণা চালাচ্ছে, তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুতর আপত্তি রয়েছে। ব্রি গবেষণা ও মাঠপর্যায়ে পরীক্ষামূলক চাষ করার সময় স্বাস্থ্যের প্রতি বিরূপ প্রভাবের আশঙ্কা থাকছে কি না, তা ভালো করে খতিয়ে দেখে না বলে অভিযোগ আছে।