নতুন প্রশ্নে পরীক্ষা দিল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাতিল ইংরেজি পরীক্ষা গতকাল শনিবার নতুন প্রশ্নপত্রে গ্রহণ করা হয়েছে। এতে উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার ৪২২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিও) এস এম আবদুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ১৫ ডিসেম্বর ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) গোলাম নবীর কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধান সন্দেহভাজন দামুড়হুদা উপজেলার ঘুঘুডাঙ্গার কোচিং সেন্টারের পরিচালক মো. সেলিম ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন। তদন্ত কমিটি মনে করছে, সেলিমকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত অপরাধী খুঁজে পাওয়া যাবে।
তবে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গঠিত কমিটির তদন্তকাজ এখনো শেষ হয়নি। ইউএনও মো. ফরিদুর রহমান বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। তদন্ত শেষ হতে আরও এক সপ্তাহ লাগবে।
৮ ডিসেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহার নেতৃত্বে গঠিত ওই কমিটির এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
৭ ডিসেম্বর থেকে দামুড়হুদায় প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা শুরু হয়। কিন্ত পরীক্ষার আগের দিন ৬ ডিসেম্বর রাতে চতুর্থ শ্রেণির ইংরেজি ও গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। বিষয়টি জানার পরও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান বেগম ফাঁস হওয়া প্রশ্নপত্রেই পরীক্ষা গ্রহণ করেন এবং প্রশ্ন ফাঁসের অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন।
কিন্তু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গার উপপরিচালক জাফর ইকবাল বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানালে ৭ ডিসেম্বরের ইংরেজি পরীক্ষা বাতিল এবং ৮ ডিসেম্বরের গণিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন প্রশ্নে ১৫ ডিসেম্বর গণিত এবং গতকাল শনিবার ইংরেজি পরীক্ষা নেওয়া হয়।
কয়েক দিন বিভিন্ন পত্র-পত্রিকায় পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জড়িয়ে সংবাদ প্রকাশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সভাপতি আসাদুল ইসলাম ও প্রধান শিক্ষক হারুন অর রশিদ।