জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি ও আওয়ামী লীগের গতবারের প্রার্থীদের কর্মকাণ্ডে হতাশ হয়ে পড়েছেন উভয় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। তাঁরা আসন্ন নির্বাচনে দলের জনপ্রিয় নতুন কোনো প্রার্থীকে দেখতে চান।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বর্তমান সাংসদ আনোয়ার হোসেনের কার্যক্রমে হতাশ দলের নেতা-কর্মীরা। এদিকে গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান মিয়ার সঙ্গে দলটির নেতা-কর্মীদের দ্বন্দ্ব প্রকট হওয়ায় তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, ২০০৪ সালে সাংসদ আনোয়ার হোসেন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। ২০০৮ সালের নির্বাচনে প্রথম সাংসদ নির্বাচিত হন তিনি। টিআর-কাবিখা কর্মসূচিতে অনিয়ম, নিয়োগ-বানিজ্য, বলেশ্বর নদের জেলেদের কাছ থেকে চাঁদা আদায়সহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমানে তিনি ভাবমূর্তি সংকটে রয়েছেন। এ ছাড়া তাঁর সঙ্গে দলের মঠবাড়িয়া উপজেলা কমিটির সভাপতি রফিউদ্দিন আহমেদের দ্বন্দ্ব রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রফিউদ্দিন আহমেদ এরই মধ্যে গণসংযোগ শুরু করেছেন। তিনি ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান এবার মনোনয়ন চাইবেন বলে দলীয় সূত্র জানায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল বলেন, সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁকে মনোনয়ন দিলে নির্বাচনে দলের ভরাডুবি হবে।
অভিযোগ অস্বীকার করে সাংসদ আনোয়ার হোসেন বলেন, ‘এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। গত তিন বছর ধরে উপজেলার প্রতিটি বাড়ি গিয়ে জনসংযোগ করেছি। দলের মনোনয়ন পেলে জনগণ কাজের মূল্যায়ন করে আমাকে আবারও ভোট দিবে।’
এদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আগামী নির্বাচনে বিএনপি ভালো ফল করার আশা করলেও প্রার্থী নিয়ে চিন্তিত দলের স্থানীয় নেতা-কর্মীরা। গত নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক শাহজাহান মিয়ার সঙ্গে দলের উপজেলা ও পৌর কমিটির নেতাদের বিরোধ রয়েছে। শাহজাহানের বিরোধী পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন (দুলাল)। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশির ভাগ নেতা-কর্মী রয়েছেন রুহুল আমিনের পক্ষে। রুহুল আমিন এবার দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা জামাল উদ্দিন খান গণসংযোগ চালাচ্ছেন।
দলটির তৃণমূলের নেতা-কর্মীরা মনে করেন, গত নির্বাচনে কেন্দ্র থেকে প্রার্থী চাপিয়ে দেওয়ায় বিএনপির প্রার্থী তৃতীয় হয়েছিলেন। এবার তাঁদের মতামত নিয়ে নতুন প্রার্থী মনোনয়ন করলে আসনটি পুনরুদ্ধার করা যাবে।
রুহুল আমিন বলেন, ‘সাংসদ আনোয়ারের মামাতো ভাই শাহজাহান মিয়া। গত পাঁচ বছরে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪২টি মামলা দিয়েছে আওয়ামী লীগ। প্রতিটি মামলায় আইনি লড়াই ও আন্দোলনে আমি তাঁদের পাশে ছিলাম, শাহজাহান মিয়া আমাদের খোঁজও নেননি। উল্টো তিনি আওয়ামী লীগের সঙ্গে সখ্য গড়ে প্রশাসনকে দিয়ে আমাদের জনসভায় ১৪৪ ধারা জারি করিয়েছিলেন। সে কারণে দলের নেতা-কর্মীরা তাঁকে (শাহজাহান) মেনে নেবে না।’
উপজেলা বিএনপির সহসভাপতি ইউসুফ উজ জামান বলেন, ২০০৯ সালের ৩১ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক পদে শাহজাহান মিয়া প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র তিন ভোট পেয়ে বর্তমান সভাপতি দিলওয়ার হোসেন মুন্সীর কাছে হেরে যান। এরপর শাহজাহান মিয়া বিএনপির পৃথক একটি কার্যালয় খুললে দলের মধ্যে কোন্দল প্রকাশ্যে রূপ নেয়।
উপজেলা বিএনপির দিলাওয়ার হোসেন মুন্সী অভিযোগ করে বলেন, ‘শাহজাহান মিয়া সুবিধাবাদী ও স্বার্থবাদী রাজনীতি করেন। তাই আমরা দলের ত্যাগী নেতা রুহুল আমিনের পক্ষ নিয়েছি।’
জানতে চাইলে শাহজাহান মিয়া দাবি করেন, দলের দ্বন্দ্ব নিরসন হয়ে গেছে। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন।