আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশে বলেছেন, নিজেদের অসহায় ভাববেন না। যত দিন না পুনর্বাসন হচ্ছে, যত দিন না নতুন ফসল ঘরে উঠছে, তার আগ পর্যন্ত সরকারের সাহায্য অব্যাহত থাকবে। শেখ হাসিনার সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলার নিরোদ বিহারী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় মন্ত্রী এ কথা বলেন। বক্তব্য শোনার পর দলের নেতা-কর্মীরা মন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন। তখন ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখানে লাল গোলাপের শুভেচ্ছা নিতে আসিনি। রাজনীতি করতে আসিনি। ভাষণ দিতে আসিনি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাকালুকি হাওরের বন্যা উপদ্রুত মানুষের পাশে দাঁড়াতে এসেছি। ভাষণে মানুষের পেট ভরবে না। তাঁদের ক্ষুধা মেটাতে হবে।’