নতুন ফসল না ওঠা পর্যন্ত সাহায্য: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত হাওরের দুর্গত মানুষকে সরকার সাহায্য দেবে বলে মন্তব্য করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

হাওরের কৃষকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের অসহায় ভাববেন না। যত দিন না পুনর্বাসন হচ্ছে, যত দিন না নতুন ফসল ঘরে উঠবে, তত দিন পর্যন্ত সরকারের সাহায্য অব্যাহত থাকবে। শেখ হাসিনার সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে।’

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাকালুকি হাওরের কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, ‘কোনো কোনো দল আছে হাওরে আসে না। যেমন বিএনপি, শুধু ফটোসেশন করে।’

প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে মন্ত্রী বলেন, ‘মন্ত্রী এসে কিছু ত্রাণ বিতরণ করে চলে গেলেন। এরপর তা থেমে গেল। এ রকম যেন না হয়।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘শুনেছি, হাকালুকি হাওরের ৩৬ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ৬০০ জনের জন্য ত্রাণ পাওয়া গেছে। বরাদ্দ বাড়ানোর ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলব।’

বক্তব্যের শুরুতে দলের নেতা-কর্মীরা মন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান শুরু করলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখানে লাল গোলাপের শুভেচ্ছা নিতে আসিনি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাকালুকি হাওরের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি।’

হাওরের বোরো ফসল রক্ষায় সরকারি কোনো উদ্যোগ নেই—এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ফসল রক্ষায় সরকার করণীয় সব করবে। তার জন্য ধৈর্য ধরতে হবে। আগে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে।’

মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ এম জাকির হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।