
রাজশাহী নগরের ঢাকা বাস টার্মিনাল এলাকার ফুটপাত নতুন করে নির্মাণ শেষ হতে না-হতেই বেদখল হয়ে গেছে। ইতিমধ্যে সেখানে আম ব্যবসায়ী, চা দোকানি, কাঠমিস্ত্রি, সেলুন, জুতা দোকানি, মুদি দোকানিরা তাঁদের পসরা সাজিয়ে বসেছেন। রহস্যজনক কারণে আশপাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হলেও এখানে কোনো অভিযান চালানো হচ্ছে না।
নগরের ঢাকা বাস টার্মিনাল থেকে কল্পনা সিনেমা হল পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে শহীদ এ এইচ এম কামারুজ্জামান সড়ক। এই সড়কের দুই পাশের প্রায় দুই কিলোমিটার ফুটপাত নষ্ট হয়ে যাওয়ার পর এবার সোয়া দুই কোটি টাকা ব্যয়ে সেই ফুটপাত নতুন করে নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে পশ্চিম পাশের প্রায় আধা কিলোমিটার ফুটপাত নতুন করে নির্মাণ করা হয়েছে। কিন্তু এখনো টাইলস বসানোর কাজ বাকি রয়েছে। এরই মধ্যে শতাধিক দোকানি ফুটপাতের দখল নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ওই এলাকায় গিয়ে কথা হয় আম ব্যবসায়ী সুমনের সঙ্গে। সুমন ফুটপাতের একটা বড় অংশ দখল করে বিভিন্ন জাতের আমের ঝুড়ি মেলে বসেছেন। ফুটপাতের কাজ চলছে, এ অবস্থায় কে দোকান করার অনুমতি দিয়েছে—জানতে চাইলে সুমন কোনো কথা বলেন না। একপর্যায়ে তিনি বলেন, তাঁরা মৌসুমি ব্যবসায়ী। দুই মাস পর এমনি উঠে যাবেন। তাঁর সঙ্গে কথা বলতে বলতেই পাশের এক দোকানি এসে বলেন, টিনের নাকি অর্ডার হয়েছে। আলাপ শুনে বোঝা গেল ওই ব্যবসায়ী সুমনকে খবর দিচ্ছেন, যেসব দোকানের ওপর এখনো টিনের চালা হয়নি, তাদের টিনের বরাদ্দ হয়েছে। কে বরাদ্দ দিচ্ছে—জানতে চাইলে সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন, দোকানই থাকছে না। টিন দিয়ে কী করবেন? এরপর টিনের বিষয়টি দুই ব্যবসায়ীই চেপে যান।
সুমনের দোকানের পাশে চায়ের দোকানে বড় পাত্রে দুধ জ্বাল দিচ্ছিলেন মর্তুজা আলী। ফুটপাতের নির্মাণকাজ শেষ না হতেই দোকান খুলেছেন। মানুষ হাঁটবে কোন দিক দিয়ে—জানতে চাইলে মর্তুজা আলী বলেন, তিনি ফুটপাত হওয়ার আগে থেকে এখানে ব্যবসা করে আসছেন। এবার নতুন ফুটপাত হচ্ছে, টাইলস বসানোর কাজ বাকি রয়েছে। ঈদের জন্য তাঁদের ছাড় দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এই ফুটপাতে ব্যবসা করার জন্য কাউকে চাঁদা দিতে হয় কি না—জানতে চাইলে কোনো ব্যবসায়ীই তা স্বীকার করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, নগরের সব ফুটপাতে উচ্ছেদ হলেও এই ফুটপাত থেকে কেউ উচ্ছেদ করতে পারেন না। তিনি বলেন, আজকেও (বৃহস্পতিবার) এই স্টেশন রোডের ফুটপাতের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু পুলিশ ঢাকা বাস টার্মিনাল এলাকার ফুটপাতে আসেনি।
জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, গতকাল স্টেশন রোডের ফুটপাত থেকে প্রায় ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। ধীরে ধীরে অন্যগুলো করা হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, তাঁরা কাউকে ফুটপাতে ব্যবসা করার জন্য ছাড় দেননি। তাঁদের কাজ চলছে।