নতুন বই, বিপুল আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের প্রথম দিন গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানের মতো সিলেট, খুলনা, বরিশাল, ফরিদপুর, সিরাজগঞ্জ, ভোলা, জয়পুরহাটের আক্কেলপুর, নাটোরের লালপুর, গাজীপুরের শ্রীপুর ও ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় উৎসব উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এরপর তিনি আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং সিলেট অগ্রগামী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। এ সময় মাধ্যমিক শিক্ষা বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ জানান, সিলেট বিভাগের মাধ্যমিক বিদ্যালয়গুলোয় বইয়ের চাহিদা ৬৬ লাখ ৩৫ হাজার ২৩৮টি। ইতিমধ্যে ৬৪ লাখ ৭১ হাজার ৪৯২টি বই এসে পৌঁছায়। বাফার কাছে অতিরিক্ত আরও পাঁচ শতাংশ বই রয়েছে। খুলনা: খুলনা জিলা স্কুল মাঠে দুপুর সোয়া ১২টায় পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রফিকুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার প্রমুখ।টি এম জাকির হোসেন জানান, খুলনা বিভাগের প্রায় সাড়ে চার হাজার মাধ্যমিক বিদ্যালয়ে মোট এক কোটি ৫৬ লাখ ৫৭ হাজার বই বিতরণ করা হয়েছে। বরিশাল: সদর উপজেলার সিস্টার্স ডে সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ইউএনও মো. রাজা মিয়া বই বিতরণ উদ্বোধন করেন। এরপর এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভী, পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা খানম, সরকারি বালিকা বিদ্যালয়ের পাপিয়া জেসমিন, মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার প্রমুখ জানান, বিগত ৪০ বছরের ইতিহাসে এ বছরই প্রথম সব বই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়েছে।সিরাজগঞ্জ: জেলা সদরের জাহানারা উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বই বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। পরে জেলার সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়। আগামী এক সপ্তাহ পর্যন্ত এই বই বিতরণ চলবে।ফরিদপুর: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল সকাল ১০টায় ফরিদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের শুরুর দিনে নতুন পাঠ্য পুস্তক তুলে দেন। ভোলা: সদর উপজেলার আবদুর রব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নতুন শ্রেণীর বই বিতরণ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, ভোলায় ১৮ লাখ বই বিতরণ হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাম্মেল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিয়া বেগম, এসএমসির সভাপতি এম এ বশির প্রমুখ।